২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৈতিক স্খলনের দায়ে বহিষ্কৃত শিক্ষকের সিলেকশন বাতিলের দাবিতে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস ধর্মঘট

নৈতিক স্খলনের দায়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষক বখতিয়ার রানার সিলেকশন বাতিল এবং ‘অবৈধ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া’ বন্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা সোমবার ক্যাম্পাসে পূর্ণ দিবস ধর্মঘট ডেকেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ ধর্মঘটে সমর্থন জানিয়েছে।

সূত্র জানায়, নৈতিক স্খলনের দায়ে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষক বখতিয়ার রানাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩০ জুন অনুষ্ঠিত সিলেকশন বোর্ডের সভায় মার্কেটিং বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগের জন্যে মনোনিত করা হয়। এছাড়া একই সভায় দুটি বিজ্ঞাপিত পদের বিপরীতে অতিরিক্ত আরো আট জনকে নিয়োগের জন্যে মনোনিত করা হয়।

বিতর্কিত ওই নিয়োগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ১৫ জুলাই থেকে লাগাতার ক্লাস---পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করে। এছাড়া এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে সময় বেঁধে দেয়।

কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বখতিয়ার রানার সিলেকশন বাতিল এবং ‘অবৈধ নিয়োগ প্রক্রিয়া’ বন্ধের বিষয়ে উপাচার্য কোনো সিদ্ধান্ত না দেওয়ায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ওই ধর্মঘট আহ্বান করে।