২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপ্রতিকে চিঠি দেবে

সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির (এসসিবিএ) গোল টেবিল বৈঠকে ৩১ জুলাইয়ের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ ও দুজন কমিশনারকে অপসারণে সিইসিসহ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2006, 05:16 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

এছাড়াও নাগরিক কমিটির পক্ষ থেকে প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে অবিলম্বে আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে সমঝোতা প্রতিষ্ঠার জন্য চিঠি দেওয়া হবে।

সমিতি মিলনায়তনে শনিবার এ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ‘জনগণের ভোটাধিকার ও ক্ষমতায়নের স্বার্থে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং নির্বাচন কমিশনসহ সকল প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কাঠামোর সংস্কার এবং নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ’ শীর্ষক এ বৈঠকে সভাপতিত্ব করেন এসসিবিএ সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম।

আলোচনায় বিশিষ্ট আইনবিদ ড. কামাল হোসেন বলেন, আমাদের দেশে আইনের কোনো ঘাটতি নেই; ঘাটতি আছে শুধু মানসিকতার। আমরা সব কিছুই দলীয় বিবেচনায় বিচার করি। আমাদের সামাজিক নৈতিকতা বোধ, ন্যায় বোধ ও সংবিধানের প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত। দলীয়ভাবে নয়, নিরপেক্ষভাবে সবকিছু বিচার করতে হবে।

তিনি বলেন, আমাদের নৈতিকতা ও দায়িত্ববোধ নষ্ট হয়ে গেছে; নইলে আইন থাকার পরও কোটি টাকার নির্বাচন আইনসম্মত হয় কি করে? এদিকে আমাদের সচেতন নাগরিকদের সজাগ থাকতে হবে।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি নাঈমউদ্দিন আহম্মেদ বলেন, ভোটার তালিকার অর্থ ছাড় নিয়ে সিইসির সাথে অর্থমন্ত্রীর বাকযুদ্ধ একটি নাটক। কারণ বাকযুদ্ধের মাত্র একদিন পরই অর্থ মন্ত্রণালয় নির্বাচন কমিশনের জন্য ৩৯ কোটি টাকার অর্থ বরাদ্দ করেছে। প্রশাসনে নিশ্চয়ই সিইসির প্রভাবশালী লোক রয়েছে। এ বিষয়টি খতিয়ে দেখতে হবে।

নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক রেহমান সোবহান বলেন, মূল সমস্যা সংস্কার নিয়ে নয়, মানসিকতায়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ইচ্ছা থাকলে বর্তমান সরকারকেই আলোচনা মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

বিচারপতি কেএম সোবহান বলেন, প্রধান দুটি রাজনৈতিক দলকে দেশের স্বার্থে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা করে বিরাজমান সমস্যার সমাধান করতে হবে।

এসসিবিএ’র সাবেক সভাপতি ও ইত্তেফাকের সম্পাদক মণ্ডলীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, আমরা সবাই দলীয় রাজনীতির শিকার। সব সময়ই ক্ষমতাসীনরা সকল খাতকে দলীয়করণ করে। দেশে রাজনীতির বাণিজ্যিকীকরণ চলছে। টাকার বিনিময়ে দূর্নীতিবাজ ও অসৎ ব্যবসায়ী, চিকিৎসক ও আমলারা বিভিন্ন দলের মনোনয়ন কিনছে।

তিনি আইন করে বিচারপতি, সরকারি চাকুরে ও আমলাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

বার কাউন্সিলের সহ -- সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই বর্তমান নির্বাচন কমিশনকে সরে যেতে হবে। কারণ তাদের এতদিনের কর্মকাণ্ডের জন্য মানুষ তাদের ওপর আস্থা রাখতে পারছে না।

এছাড়াও আলোচনায় অংশ নেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহম্মেদ, বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, জানিপপ’র নাজমুল আহসান কলিমউল্লাহ, এসসিবিএ’র সম্পাদক এএম আমিনউদ্দিন প্রমুখ।