২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা কুক্ষিগত রাখতে সরকার বিনা বিচারে মানুষ হত্যা করছে : শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেছেন, বিএনপি--জামাত জোট ক্ষমতা কুক্ষিগত রাখতে বিনা বিচারে মানুষ হত্যা করছে। র‌্যাবকে ‘এলিট ফোর্স’ বলা হলেও তারা এখন ছিনাতাই, ডাকাতি করছে। চরিত্রহীন লুটেরা সরকার র‌্যাব সদস্যদেরও চরিত্র নষ্ট করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2006, 04:58 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে নীলফামারী ও কুড়িগ্রামের জেলা, থানা ও প্রথম শ্রেণীর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, প্রশাসন, পুলিশ, বিডিআর, সেনা বাহিনীসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বার বার ভোট চুরি করে যাবে, তা আর হতে দেওয়া যাবে না।

বিরোধী দলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী, এমপিরা জনগণের অর্থ সম্পদ চুরি করছে। তা দেখে সরকারি কর্মকর্তা কর্মচারিরাও উৎসাহিত হচ্ছে। এই সরকার সমাজ ও দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, তিনি কথায় কথায় বলেন -- আমরা জ্বালাও পোড়াও ও হরতাল করি। কিন্তু আওয়ামী  লীগ আমলে তিনি ৩০৮ দিন হরতাল দিয়েছিলেন। সিলেটের গোলাপগঞ্জে তার দলের অন্তর্দ্বন্দ্বে সোমবার একজন নিহত হয়েছে। আর সে কারণে তার দলই সেখানে হরতাল ডেকেছে। প্রধানমন্ত্রী এখন কী বলবেন!

দ্রবমূল্যের ঊর্ধ্বগতিসহ দেশের সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, জাতীয়তাবাদী জামাতিদের অত্যাচার নির্যাতন, দুর্নীতি সন্ত্রাস ও লুটপাটের কারণে দেশের মানুষ আজ চরম হতাশায়। ভোট চুরি করে অবৈধ পন্থায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে বলে জোট সরকারের কাছে জনগণের কোনো মূল্য নেই।

জোট সরকারকে ‘লুটেরা-সন্ত্রাসী’ আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, ক্ষমতাসীনরা সীমাহীন অত্যাচার নির্যাতন, এদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। আর এ কারণেই সংস্কার প্রস্তাব দিয়েছি। এই সংস্কার বাস্তবায়ন করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আদায় করতে হবে।

জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মাঠ পর্যায়ে দলের সাংগঠনিক অবস্থান জানা এবং সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নেওয়ার লক্ষ্যে পর্যায়ক্রমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বৈঠকে তৃণমূল নেতারা তাদের সংশ্লিষ্ট এলাকার সাংগঠনিক, রাজনৈতিক ও আইন শৃংখলা পরিস্থিতি এবং আগামী নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে বিস্তারিত চিত্র দলীয় প্রধানের কাছে তুলে ধরেন।

শেখ হাসিনা সরকারবিরোধী চলমান আন্দোলন এগিয়ে নেওয়ার পাশাপাশি আগামী নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের করতে তৃণমূল নেতাদের পরামর্শ দেন। একই সঙ্গে ঐক্যবদ্ধ থেকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে একযোগে কাজ করারও নির্দেশ দেন।

তৃণমূল নেতাদের হুঁশিয়ার করে দিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন, সবাইকে দলীয় সিদ্ধান্ত মেনে শৃংখলা বজায় রাখতে হবে।

তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হলে তাকে প্রতিহত করতে সংশি¬ষ্ট এলাকার নেতাদের পরামর্শ দেন। 

মতবিনিময় অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।