রাজনৈতিক কারণে সরকার বেশকিছু সামরিক কর্মকর্তাকে অপসারণের পরিকল্পনা করছে : হাসিনা
সংসদে বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার রাজনৈতিক কারণে কমপক্ষে ৫০জন সামরিক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণের পরিকল্পনা করছে।
মঙ্গলবার লালমনিরহাট ও সিরাজগঞ্জ জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
সংসদ নির্বাচনের প্রাক্কালে মাঠ পর্যায়ে দলের অবস্থান জানা এবং সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নেওয়ার লক্ষ্যে শেখ হাসিনা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করছেন।
ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময়কালে শেখ হাসিনা বলেন, নির্বাচনের আগে সরকার এখন কাউকেই বিশ্বাস করতে পারছে না। তারই অংশ হিসেবে সরকার ৫০ থেকে ৬০ জন সামরিক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণের পরিকল্পনা করছে বলে জানা গেছে।
তিনি আরও বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আমলে বহু সামরিক কর্মকর্তাকে হত্যা করেছেন এবং বহিষ্কার করেছেন কয়েক হাজার কর্মকর্তাকে। প্রধানমন্ত্রীও তার স্বামীর পদাঙ্ক অনুসরণ করে চলেছেন বলে তিনি মন্তব্য করেন।
আওয়ামী লীগের শাসনামলে তিনি রাজনৈতিক কারণে এরকম কোন পদক্ষেপ নেননি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমার সময়ে আমি খুব সহজেই গোলাম আযমের ছেলে অথবা প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারতাম। কিন্তু আমি কখনও রাজনৈতিক হীনমন্যতায় ভূগি না। সরকার যেসব কর্মকর্তাকে অপসারণের পরিকল্পনা করছে তাদের পরিবারের সদস্যদের দোষ কোথায়?
তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি-জামাত জোট জনগণের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। তারা এখন কাউকেই বিশ্বাস করে না। আর এ অবিশ্বাস থেকেই তারা এখন প্রশাসনকে দলীয়করণে তৎপর হয়েছে। শেখ হাসিনা শূণ্য আসনে উপনির্বাচন বিষয়ে প্রস্তাবিত সংবিধান সংশোধনের সমালোচনা করে বলেন, এর কোন প্রয়োজনই ছিল না। এতে করে আইনী জটিলতাই কেবল সৃষ্টি করবে।
মতবিনিময় অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
