প্রধানমন্ত্রী শনিবার থেকে তৃণমূল নেতাদের সাথে মতবিনিময় শুরু করছেন
আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শনিবার থেকে দলীয় তৃণমূল নেতাকর্মীদের সাথে বৈঠক শুরু করবেন।
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও মাঠ পর্যায়ের প্রকৃত অবস্থা জানতে প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রতি শনিবার তৃণমূল নেতাকর্মীদের সাথে বসবেন।
প্রথমদিনে তিনি হেয়ার রোডের যমুনা অতিথি ভবনে বরিশাল ও পিরোজপুর জেলার তৃণমূল নেতাদের সাথে বসবেন।
মান্নান ভূঁইয়া জানান, প্রধানমন্ত্রী তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে মাঠ পর্যায়ের অবস্থা সম্পর্কে শুনবেন। এতে করে দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহাযক হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী নেতাকর্মীদের কিছু দিক নির্দেশনাও দেবেন।
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান দলকে উজ্জীবিত করতে সারাদেশের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
অন্যদিকে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাও পর্যায়ক্রমে তার দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে বৈঠক করছেন।
দেশের বিভিন্ন স্থানে দু’দলেরই দলীয় কোন্দল রয়েছে।
