২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির চিকিৎসা ও বিশ্রাম সম্পর্কে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর: বঙ্গভবন

রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের চিকিৎসা ও বিশ্রাম সম্পর্কে কোনো কোনো টিভি চ্যানেল ও পত্র পত্রিকায় ভুল তথ্য প্রচার ও প্রকাশ করায় এবং চিকিৎসকের পরামর্শ ভুলভাবে উদ্ধৃত করার ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা বলা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

বিভ্রান্তি নিরসনে সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মরিস চু’র পরামর্শ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।

এতে বলা হয়, মরিস চু’ রাষ্ট্রপতির বিশ্রামের ব্যাপারে যে পরামর্শ দিয়েছেন তা হচ্ছে- ২৬ মে রাষ্ট্রপতির করোনারি আর্টারি বাইপাস সার্জারির পরবর্তী  আট সপ্তাহ তার অফিসে যাওয়া এবং অফিসের কোনো কাজ করা উচিত হবে না। ঢাকা ফেরার পর তার স্বাস্থ্যের উন্নতির জন্য এক থেকে দুই সপ্তাহ বিশ্রাম দরকার। এই সময়ের মধ্যে তিনি বাসভবনেই হালকা কাজ করতে পারবেন। দিনে এক বা দু’বার ১৫ থেকে ৩০ মিনিটের বৈঠক করতে পারবেন। কোনও ধরনের সক্রমন কিংবা শারিরিক চাপ এড়াতে দর্শনার্থী সীমিত রাখতে হবে এবং এ ধরনের সামাজিক বিষয়গুলো দিনে ৩০ থেকে ৬০ মিনিট পর্যন্ত চলতে পারে।

হালকা কাজে ফিরে যাওয়ার আগে বাইপাসের পর আট সপ্তাহ তাকে সার্বক্ষনিক পর্যবেক্ষণে রাখতে হবে। প্রত্যাশা করা হচ্ছে, রাষ্ট্রপতি ৩ থেকে ৪ মাসের মধ্যে দিনে ৬ থেকে ৮ ঘন্টা করে কাজ করার মতো পর্যায়ে পৌঁছুতে পারবেন। এই সময়ের মধ্যে রাষ্ট্রপতিকে মানসিক কিংবা আবেগতাড়িত চাপ অনুভব করতে পারেন এমন কোনও ধরনের বৈঠকে সভাপতিত্বের দায়িত্ব এড়িয়ে যেতে হবে। তবে এ ধরনের চাপ হতে পারে এমন কাজে যোগ দেওয়া জরুরি হলে এর আগে তাকে শারীরিক পরীক্ষা করিয়ে নেওয়ার এবং প্রয়োজনেই চিকিৎসক পাওয়া যাবে এমন পরিবেশ নিশ্চিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।