২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী মানুষের জীবন কেড়ে নিয়ে অবৈধ অর্থ সম্পদ ভোগ করতে ও জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চান: হাসিনা

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, প্রধানমন্ত্রী হত্যা ও নির্যাতন চালিয়ে মানুষের জীবন কেড়ে নিয়ে অবৈধভাবে অর্জিত অর্থ সম্পদ ভোগ করতে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় সরকারকে পদত্যাগ করে বিদায় নিতে হবে। দেশের মানুষের ভাগ্য নিয়ে তাদের আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

রোববার দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি শেষে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এ কথা বলেন।

জনাকীর্ণ এ সংবাদ সম্মেলন থেকে মঙ্গলবার দেশব্যাপী সকাল--সন্ধ্যা হরতালসহ নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন--কর্মসূচি অব্যাহত থাকবে। যতবার মানুষ হত্যা করা হবে, ততবার হরতাল দেওয়া হবে। কারণ এসব হত্যার জন্যে জোট সরকারই দায়ি।