অসুস্থ রাষ্ট্রপতির স্বাস্থ্য নিয়ে তথ্যের ঘাটতির কারণে জনমনে বিভিন্ন ধারনার জন্ম নিচ্ছে
বঙ্গভবনে একই সঙ্গে দু’জন রাষ্ট্রপতির অবস্থান এবং সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য ব্যাখ্যার অনুপস্থিতির কারণে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে যা জনগনকে বিভ্রান্ত করছে। শীর্ষ পর্যায়ের রাজনৈতিক বিশেষজ্ঞরা সোমবার একথা বলেছেন।
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ চিকিৎসা শেষে বঙ্গভবনে ফিরে বিশ্রামে রয়েছেন। ওদিকে অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার দায়িত্ব হস্তান্তর না করে সোমবারও বঙ্গভবনে তার দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রপতির তথ্য সচিব মোখলেসুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না।
এদিকে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির স্বাস্থ্যের অবস্থা ব্যাখ্যা করে এখনো কোনো বুলেটিন প্রকাশ করা হয়নি। যদিও বিশ্বের যে কোনো দেশেই সে দেশের প্রধান অসুস্থ হলে তার স্বাস্থ্য সম্পর্কে বুলেটিন প্রকাশ করার নিয়ম রয়েছে।
অন্যদিকে অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার সোমবার সকালে সংসদের দক্ষিণ প্লাজায় নৌপরিবহন মন্ত্রী লে. কর্ণেল (অব:) আকবর হোসেনের নামাজে জানাযায় যোগ দেন।
এ প্রেক্ষপটে দেশের অন্যতম সংবিধান বিশেষজ্ঞ রাষ্ট্রীয় অনিশ্চয়তার বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন সরকারকে অচিরেই এ অবস্থার নিরসন করতে হবে। অন্যদিকে একজন সাবেক রাষ্ট্রপতি বলেছেন, সাংবিধানিক ধারাকে সমুন্নত রাখতে বিরাজমান আশঙ্কা দূর করা জরুরি প্রয়োজন।
সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেন, রাষ্ট্রপতির অবস্থা সম্পর্কে জনগণকে অবশ্যই জানাতে হবে। দেশে এক ধরণের অনিশ্চয়তা বিরাজ করছে। জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এ অবস্থার অবসান ঘটাতে হবে। তনি বলেন, রাষ্ট্রপতির কর্মকাণ্ড অবশ্যই স্বচ্ছতার ভিত্তিতেই সম্পন্ন হতে হবে।
কামাল হোসেন বলেন, সংবিধানের ৫৪ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অসুস্থ হলে অথবা দেশে বা দেশের বাইরের কোনো কারণে ছুটিতে থাকলে একজন সংশ্লিষ্ট ব্যক্তি তার দায়িত্ব পালন করতে পারেন। রাষ্ট্রপতির দেশে বা তার বাসভবনে ফিরলে রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন। এখানে সাংবিধানিক কোনো জটিলতা নেই।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে দুজন রাষ্ট্রপতি থাকা একেবারেই অসাংবিধানিক। এটা অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। সংবিধান সমুন্নত রাখতে এ ব্যাপারে রাষ্ট্রকে সবকিছু স্পষ্ট করতে হবে।
