২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী আকবরের মরদেহ দাফনের জন্য কুমিল্লা নিয়ে যাওয়া হয়েছে, ঢাকায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত

নৌ পরিবহন মন্ত্রী কর্ণেল (অব.) আকবর হোসেনের মরদেহ দাফনের জন্য সোমবার দুপুরে কুমিল্লা নিয়ে যাওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 03:49 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

এর আগে তার বনানীর বাসস্থান, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

কর্ণেল আকবর হোসেন রোববার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাতে মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মন্ত্রী সভার সদস্যবৃন্দ ও সাংসদরা তার বনানীর বাসভবনে ছুটে যান। তারা মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান কর্ণেল আকবরের মরদেহ সকাল ১১টায় নয়া পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আনা হয়। সেখানে অনুষ্ঠিত নামাজে জানাজায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেয়।

এরপর তার মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হয়। সেখানে আরো একটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মন্ত্রী সভার সদস্য, সাংসদ, সরকারি ও বিরোধী দলের সদস্যরা নামাজে জানাজায় অংশ নেন।

জানাজা শেষে অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মহাসচিব ও এলাজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া এবং বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার পক্ষে বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

এখানে জানাজা শেষে তার তার মরদেহ দাফনের জন্য হেলিকপ্টারে করে কুমিল্লার লাকসামে পাঠানো হয়।

কর্ণেল (অব.) আকবর হোসেন ১৯৪১ সালে কুমিল্লা জেলায় জন্ম গ্রহণ করেন।

তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে অংশ গ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধে তার অবদানের স্বীকৃতিস্বরুপ তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়। ১৯৭৪ সালে তিনি সক্রিয় রাজনীতিতে অংশ নেন। 

তিনি ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। একই বছরে নিউইয়র্কে সিকিউরিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

১৯৭৮ সালের অক্টোবরে তিনি তৎকালীন বিএনপি মন্ত্রীসভার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৮৯ সালে কুমিল্লা-৮ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর তাকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

তিনি বর্তমানে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন।