বীরশ্রেষ্ঠ মতিউরের প্রতি শ্রদ্ধা জানাতে সংসদে এক মিনিটের নিরবতা পালনে আসাদুজ্জামান নুরের আহ্বান
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ দেশে ফিরিয়ে এনে সমাহিত করার পর আওয়ামী লীগ সাংসদ আসাদুজ্জামান নূর জাতীয় সংসদে তার প্রতি শ্রদ্ধা জানাতে সংসদে এক মিনিটের নিরবতা পালনের আহ্বান জানিয়েছেন।
সংসদে রোববার পয়েন্ট অব অর্ডারে আলোচনায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের লাশ দেশে আনার পর জামাতের মন্ত্রীরা বাদে কেবলমাত্র সরকারের সব মন্ত্রীরা বিমানবন্দরে গিয়েছেন। কারণ ‘৭১’এ জামাতের নেতারা বীরশ্রেষ্ঠ মতিউরকে বিশ্বাসঘাতক ও দেশদ্রোহী ঘোষণা দিয়েছিলেন। তারা এর জন্যে কোন ক্ষমাও চাননি এবং আজও তাদের বিচার হয়নি।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৩৫ বছর পর যদি বীরশ্রেষ্ঠ মতিউরের দেহাবশেষ ফিরিয়ে আনা যায় তাহলে যুদ্ধাপরাধীদের বিচারও করা হবে।
পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রেজাউল করীম বীরশ্রেষ্ঠ মতিউরের দেহাবশেষ ফিরিয়ে আনার বিভিন্ন দিক তুলে ধরে সংসদে একটি বিবৃতি দেন।
এ ব্যাপারে তিনি বলেন, “স্বাধীনতার ঘোষক জিয়ার দল বিএনপি মুক্তিযোদ্ধাদের সম্মান করে, এটাই তার প্রমান।”
জাতি এ বিষয়টি শ্রদ্ধাভরে স্মরণ করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
