শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ এনে তদন্তের আহ্বান জানিয়েছেন সাংসদ আলাল
বিএনপি সাংসদ সৈয়দ মোয়াজ্মে হোসেন আলাল সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সরকার ও রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনে তা তদন্তে সংসদীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।
জাতীয় সংসদ অধিবেশনে রোববার তিনি বলেন, গত ২৩ জুন থেকে বাংলাদেশে চিনি ও ডালসহ কয়েকটি পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। চলতি বাজেটে যেসব পণ্যের শুল্ক হ্রাস বা প্রত্যাহার করা হয়েছে, সেসব পণ্যের রপ্তানিই বন্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, বিরোধী দলীয় নেত্রী ২১ জুন ভারত যাওয়ার পরই এসব পণ্যের রপ্তানি বন্ধ করা হয়। এর সাথে বিরোধী দলীয় নেত্রী জড়িত আছেন কিনা তা খতিয়ে দেখা দরকার।
এ জন্য তিনি একটি সংসদীয় কমিটি গঠনের জন্যে সরকারের প্রতি আহ্বান জানান।
