২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় তারেক রহমান ও ব্যারিস্টার আমির উল ইসলামের নির্বাচনী প্রচারণা

কুষ্টিয়ায় শনিবার থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এবং আওয়ামী লীগের সাম্ভব্য প্রার্থী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমির উল ইসলাম দুই দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ কর্মসূচি শুরু করেছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2006, 09:37 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

তারেক রহমান নির্বাচন উপলক্ষে মাঠ গরম করতে ‘ গ্রাম মার্চ ’ কর্মসূচি নিয়ে শনিবার কুষ্টিয়া পৌঁছান। তিনি রোববার ও সোমবার সেখানকার তিনটি নির্বাচনী এলাকায় পথসভা করবেন। এসময় সাধারণ নেতাকর্মীদের সাথে মত বিনিময়ের পাশাপাশি তিনি স্থানীয় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে নির্বাচনী কৌশল নিয়েও আলোচনা করবেন। 

দলীয় সূত্র জানায়, দুই দিনব্যাপী কর্মসূচিতে তারেক রহমান কুষ্টিয়া সদরে ৩টি, মিরপুর ও ভেড়ামারায় ২টি এবং কুমারখালী ও খোকসায় ২টি পথসভায় বক্তব্য রাখবেন। তবে বহুল বিতর্কিত ও সাংবাদিক নির্যাতনকারী সাংসদ অধ্যাপক শহীদুল ইসলামের নির্বাচনী আসন দৌলতপুর উপজেলায় তার কোনো কর্মসূচি নেই।

তারেক রহমানের সফরের বিষয়ে কুষ্টিয়া সদর আসনের সাংসদ ও থানা বিএনপি সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, তারেক রহমানের কর্মসূচি পালনের জন্য সকল প্রকার প্রস্তুতি শেষ হয়েছে।

এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমির উল ইসলাম কুষ্টিয়ায় দুই দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করেছেন।

কুষ্টিয়া-৩ আসনের সাম্ভব্য প্রার্থী এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ব্যারিস্টার আমির উল ইসলাম শুক্র ও শনিবার কুষ্টিয়া-৩ (সদর) নির্বাচনী এলাকায় বিভিন্ন জনসভা, পথসভা, যোগদান সভা, নেতাকর্মীদের সাথে মূল্যায়ন সভায় উপস্থিত ছিলেন। তিনি সাধারণ ভোটারদের সাথেও শুভেচ্ছা ও মত বিনিময় করেন।

দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির বক্তব্যে ব্যারিস্টার আমির উল ইসলাম বলেন, হাওয়া ভবনের ম্যানেজার এক রাজপুত্র তারেক রহমান তার দুর্নীতির দোসর এমপিদের খুশি করতে কুষ্টিয়া আসছেন। কুষ্টিয়াবাসীকে তার প্রতি পৃষ্ঠ প্রদর্শণের জন্যও তিনি আহ্বান জানান।