২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে এবার সরকার দলীয় এমপিদের ওয়াক আউটের হুমকি

সরকারি দলের সাংসদরা সংসদের বৈঠকে প্রতিদিনই বাজেট আলোচনার আগে পয়েন্ট অব অর্ডারের নামে অনির্ধারিত বিতর্ক বন্ধ না হলে ওয়াকআউট করার হুমকি দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2006, 08:59 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

তারা মঙ্গলবার এ ব্যাপারে ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর দৃষ্টি আকর্ষণ করে তাকে বিধি মোতাবেক সংসদ চালানোর পরামর্শ দেন।

তবে বিরোধী দল আওয়ামী লীগের সদস্যরা মঙ্গলবার বিরোধী দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলাকালে মোহাম্মদ নাসিমসহ বিরোধী দলের সাংসদ ও নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা এবং ব্যাজবিহীন পুলিশি পোষাকধারিদের চিহ্নিত করতে সংসদীয় তদন্ত কমিটি গঠণের দাবি জানান।

স্পিকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় আওয়ামী লীগের সদস্যরা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পাঁচ মিনিটের জন্য প্রতীকী ওয়াকআউট করেন। পরে তারা আবারো সংসদের বৈঠকে যোগ দেন।

ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর নেতৃত্বে সংসদের বৈঠকের শুরুতেই সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে প্রায় এক ঘন্টার অনির্ধারিত বিতর্ক অনুষ্ঠিত হয়।

এতে সরকারি দলের পক্ষে চার মন্ত্রীসহ আটজন, আওয়ামী লীগের পাঁচজন এবং জাতীয় পার্টির দুইজন সদস্য বক্তব্য রাখেন।

বিরোধী দলীয় চিফ হুইপ আব্দুস শহীদ পয়েন্ট অব অর্ডারে বিতর্কের সূচনা করেন। তিনি ভারপ্রাপ্ত স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বলেন, স্পিকার হিসেবে সাংসদদের রক্ষা করার দায়িত্ব আপনার। কিন্তু আপনি তা দিতে ব্যর্থ হয়েছেন। বিরোধী দলের সাংসদদের ওপর পুলিশি হামলা হচ্ছে, এ ব্যাপারে সংসদে আলোচনার সুযোগ দিতে হবে।

বিরোধী দলের সাংসদরা এ সময় প্রধান নির্বাচন কমিশনারকে অপসারন এবং হামলাকারি পুলিশ সদস্যদের সদস্যদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

পরে আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক, আখম জাহাঙ্গীর হোসাইন, শাজাহান খান, তানজিম আহম্মেদ সোহেল তাজ, বিএনপির পক্ষে আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, কৃষিমন্ত্রী এমকে আনোয়ার, ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জয়নাল আবেদীন ফারুক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামী এবং জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গা ও গোলাম হাবিব দুলাল।

এ সময় কৃষিমন্ত্রী এমকে আনোয়ার বিরোধী দলের সমালোচনা করে স্পিকারকে বিধি মোতাবেক সংসদ চালানোর অনুরোধ জানান।

তিনি বলেন, এভাবে সংসদ চলতে পারে না। আমরা অধৈর্য্য হয়ে পড়েছি। বিধিসম্মতভাবে সংসদ চালাতে না পারলে আমরা সংসদের বাইরে চলে যেতে বাধ্য হবো।

এ সময় স্পিকার বলেন, পয়েন্ট অব অর্ডারগুলো বিধিসম্মত হচ্ছে না। কিন্তু বেশ কিছুদিন ধরে এ অবস্থায় চলে আসছে। এটা রেওয়াজ হয়ে গেছে।

সিনিয়র মন্ত্রীরা এ সময় স্পিকারকে বিধি মোতাবেক সংসদ চালানোর অনুরোধ জানান।