২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান রাজনৈতিক দলগুলো অংশ না নিলে নির্বাচন পর্যবেক্ষণে আসবে না ইইউ

ঢাকাস্থ ইউরোপীয় কমিশনের প্রতিনিধি দলের রাষ্ট্রদূত ড. স্টিফেন ফরউইন সোমবার বলেছেন, প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ না নিলে বাংলাদেশের আগামী নির্বাচন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণের কোনও দরকার নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2006, 05:31 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ড. স্টিফেন ফরউইন প্রশ্ন তুলে বলেন, নির্বাচন যদি পর্যবেক্ষণ করার যোগ্য না হয় তবে ইউরোপীয় করদাতাদের অর্থ খরচ করে নির্বাচন পর্যবেক্ষণের কোনও মানে হয়? তিনি জানান, বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং পর্যবেক্ষক দল পাঠানো হবে কি না তা নির্ভর করবে নিরীক্ষক দলের ওপর। নিরীক্ষক দলটি আগামী সেপ্টেম্বরে ঢাকায় আসবে।

রাজধানীর একটি হোটেলে সোমবার সাংবাদিককের সাথে এক মধ্যাহ্ন ভোজসভায় রাষ্ট্রদূত এসব মতামত ব্যক্ত করেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলই অংশ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

নির্বাচন, নিরাপত্তা ও রসদ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ছয় সদস্যের নির্বাচন নিরীক্ষক দল বাংলাদেশ সফরকালে নির্বাচন কমিশন, সরকার, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা করবেন।

ফরউইন বলেন, নিরীক্ষক দলটি ইইউয়ের পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠানো ‘সুপারিশযোগ্য ও প্রয়োজনীয়’ কি না তা খতিয়ে দেখবে। দলটি ইউরোপীয় কমিশনের বহির্যোগাযোগ বিষয়ক কমিশনার ফেরেরো ওয়াল্ডনারকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করবে এবং তিনি নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

নির্বাচন কমিশন ও কমিশনের ভূমিকা সম্পর্কে ফরউইন বলেন, বাংলাদেশে ভোটার তালিকা এখন একটি মারাত্মক আইনগত এবং প্রক্রিয়াগত বিতর্কের বিষয়। তিনি এ সমস্যার সমাধানের ওপর জোর আরোপ করে বলেন, সমাধানটি এমন হতে হবে যা হবে সঠিক এবং উচ্চ আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাপূর্ণ। এতে ভোটার হওয়ার যোগ্য সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার তালিকা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটির নির্দিষ্ট বজায় রাখা উচিত। সেটি করার সময় দ্রুত পেরিয়ে যাচ্ছে বলেও তিনি জানান। হাইকোর্টের আদেশ বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলেও তিনি জানান।

সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সংলাপের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। সংলাপের ব্যাপারে তিনি রাজনৈতিক দলগুলোকে উৎসাহিত করেছেন এবং একটি প্রক্রিয়া খুঁজে বের করার জন্যও আহ্বান জানিয়েছেন বলে তিনি জানান।

ফরউইন বলেন, বাংলাদেশে সংঘাতের রাজনীতি একটি বড় সমস্যা। সংসদ তার আপন গতিতে এখানে কাজ করে না। সংলাপের ব্যাপারেও তিনি অব্যাহতভাবে রাজনৈতিক দলগুলোকে উৎসাহিত করা উচিত বলে তার প্রতিক্রিয়ায় জানান।

গার্মেন্টস খাতে সাম্প্রতিক পরিস্থিতির ব্যাপারে তিনি কথা বলেন। তিনি বলেন, সরকার, শ্রমিক, ব্যাবসায়ী সমিতি, ট্রেড ইউনিয়ন এবং আন্তর্জাতিক ক্রেতা সম্প্রদায়সহ সবার স্বার্থে গার্মেন্টস খাতের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

স্বাধীন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি কূটনীতিকদের হস্তক্ষেপ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিশ্বায়নের এ সময়ে পরস্পরের সাথে সম্পর্কিত এবং এখানে এক দেশের ঘটনা স্বাভাবিকভাবেই আরেক দেশের ওপর প্রভাব ফেলে। আপনাদের সাথে আমাদের দীর্ঘমেয়াদী সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। আপনি এটিকে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীসুলভ উদ্বেগ বলে অভিহিত করতে পারেন।

মধ্যাহ্নভোজে ইউরোপীয় কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।