দেশব্যাপী ৩৬ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে বিক্ষিপ্ত সংঘর্ষ, ১ম লিড
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ডাকা দেশব্যাপী ৩৬ ঘন্টা লাগাতার হরতালের দ্বিতীয় দিন বুধবারও পিকেটারদের সাথে পুলিশের সংঘর্ষ, যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
হরতালের সকালে রাজধানীর কামরাঙ্গীরচর, মহাখালী, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিরোধী দলের নেতাকর্মী এবং সমর্থকরা মিছিল বের করলে পুলিশ এবং বিডিআর তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, গুলি এবং টিয়ার শেল নিক্ষেপ করে।
বিডিনিউজ’র প্রতিনিধিরা জানান, ঢাকার বাইরে বরিশাল ও নীলফামারী জেলাতেও হরতালের সময় বিক্ষিপ্ত সংঘর্ষ বাধে।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার, প্রধান নির্বাচন কমিশনার ও অপর দুজন নির্বাচন কমিশনারকে অপসারণ, নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ এবং বিরোধী নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা, নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে ১৪ দল এ হরতালের ডাক দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামরাঙ্গীরচর এলাকা হরতালের সকালে ছিলো রণক্ষেত্র। অন্ততঃ চার ঘন্টা ধরে মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলে। দফায় দফায় চলা এ সংঘর্ষ এক পর্যায়ে হাসাননগর ও শশ্মানঘাট এলাকায় ছড়িয়ে পড়ে।
পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ, গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষে দুজন পুলিশ কর্মকর্তাসহ আহত হয় ১০ জন। উত্তেজিত জনতা একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
আহতদের মধ্যে চারজন ছররাবিদ্ধকে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
বেলা ১২ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুরো এলাকা বিএনপি ক্যাডাররা দখলে নেয়।
নগরীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে সাংসদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে সকালে মিছিল বের হলে পুলিশ এতে বাধা দেয়। সেখানে মিছিল করা নিয়ে সাংসদের সঙ্গে পুলিশের তুমুল বাক বিতণ্ডা হয়।
এক পর্যায়ে পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। এতে পাঁচ -- ছয়জন নেতাকর্মী আহত হয়। পরে বিক্ষুব্ধ কর্মীরা ১০ -- ১২ টি যানবাহন ভাঙচুর করে।
মহাখালী এলাকায় হরতাল সমর্থকদের মিছিলে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্ততঃ ১০ জন। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজন বিরোধী কর্মীকে আটক করে। এর প্রতিবাদে হরতালকারীরা সেখানে ২০টি বাস -- মিনিবাস ভাঙচুর করে। আগুন ধরিয়ে দেওয়া হয় দুটি মিশুকে।
বিডিনিউজ’র বরিশাল প্রতিনিধি জানান, জেলার বাবুগঞ্জ উপজেলা চত্বরে হরতালের সমর্থনে বিরোধী দলের মিছিলে বিএনপি ক্যাডাররা হামলা চালালে সংঘর্ষ বাধে। দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় আধঘন্টার এ সংঘর্ষে পাঁচজন পুলিশসহ আহত হয় অর্ধশত। আহতদের মধ্যে বাবুগঞ্জ থানার এসআই বেল্লালসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ’র নীলফামারী প্রতিনিধি জানান, জেলায় মঙ্গলবার সংঘর্ষের পর বুধবারও হরতালকারীদের মিছিলে পুলিশ ও বিডিআর লাঠিচার্জ করে। উভয়ের মধ্যে সংঘর্ষের পর মিছিলকারীরা হটে যায়। জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হরতাল মোকাবেলায় সরকার সমর্থকরা বিভিন্ন পয়েন্ট লাঠিসোটা নিয়ে মহড়া দেয়।
বিডিনিউজ’র মাগুরা প্রতিনিধি জানান, মঙ্গলবারের হরতালে যানবাহন ভাঙচুর করার জের ধরে পুলিশ দ্রুত বিচার আইনে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচজন কর্মীকে আটক করে। আটককৃতরা হচ্ছেন, আইয়ুব (৩৫), দুলাল (২৭), আনোয়ার(২৫), আজাদ (৩৩) এবং এন্তাজ (৩৫)।
এদিকে দেশব্যাপী ম্যারাথন হরতালের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিক কর্মকাণ্ড।
দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানসহ অনেক বেসরকারি অফিসগুলো হরতালের কারণে বন্ধ রয়েছে।
হরতালে রাজধানী ঢাকার বাসস্টেশন থেকে দুরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে লঞ্চ, রেল ও বিমান যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
১৪ দলের লাগাতার ৩৬ ঘন্টার হরতাল বুধবার সন্ধ্যা ৬টায় শেষ হচ্ছে।
