দলীয়করণ ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন সফল হবে না: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোট জনতার রুদ্ররোষ থেকে বাঁচার জন্য দলীয় নির্বাচন কমিশনার নিয়োগসহ সর্বক্ষেত্রে দলীয়করণ ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আবারও ক্ষমতায় যেতে চায়। কিন্তু বাংলার মানুষ ওদের এ স্বপ্ন সফল হতে দেবে না।
ক্ষমতাসীন চার দলীয় জোট থেকে সম্প্রতি বেরিয়ে আসা বাংলাদেশ ইসলামী ঐক্যজোট নেতারা সংগঠনের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরীর নেতৃত্বে শনিবার সুধাসদনে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
ঐক্যজোট চেয়ারম্যান রোববারের ঢাকা অবরোধসহ চলমান সরকার বিরোধী আন্দোলনে ১৪ দলের সাথে যুগপৎভাবে অংশগ্রহণের ঘোষণা দেন।
শেখ হাসিনা ‘জাতির দুঃসময়ে ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে আসার মতো সাহসী সিদ্ধান্ত’ নেওয়ার জন্য ঐক্যজোট নেতাদের অভিনন্দন জানান।
আওয়ামী লীগ সভানেত্রী দেশ ও ইসলামের স্বার্থে ‘দুর্নীতিবাজ, ধর্ম ব্যবসায়ী’ বিএনপি জামাত জোটের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে চলমান আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
ঐক্যজোট চেয়ারম্যান মিসবাহুর রহমান চার দলীয় জোট থেকে বেরিয়ে আসার প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, মুখে ইসলামের কথা বললেও ক্ষমতাসীন জোটের কর্মকাণ্ডে প্রমাণিত হয় যে, ইসলাম প্রতিষ্ঠা ওদের মূল উদ্দেশ্য নয়। বরং ইসলামের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় যাওয়াই তাদের লক্ষ্য।
সাক্ষাৎকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ এমপি, কেন্দ্রীয় নেতা ড. হাসান মাহমুদ এবং ঐক্যজোট নেতা নুরুল ইসলাম খান, মুখলেসুর রহমান তালুকদার ও শায়খুল হাদীস উপস্থিত ছিলেন।
