৭ কোটি টাকার অডিট আপত্তি নিষ্পত্তিতে ডিপিএইচই কর্মকর্তাদের প্রতি সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি প্রায় সাত কোটি টাকার ৩১টি মূল অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) কর্মকর্তাদের তাগিদ দিয়েছে।
সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ডিপিএইচই’র মোট ১ হাজার ২৫১টি অডিট আপত্তি উত্থাপিত হয়। এসব অডিট আপত্তি বর্তমান সরকারের মেয়াদে সংস্থাটিতে উত্থাপিত হয়।
কমিটির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির মোশাররফ হোসেন মঙ্গু এবং জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহম্মেদ যোগ দেন। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা যায়, এতে দেশের প্রতিটি মানুষের জন্যে নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন জেলায় পানি শোধনাগার ও ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটি গবেষণাগার স্থাপন করা হয়েছে। এসবের কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বৈঠক শেষে সভাপতি সাংসদ রুমী সাংবাদিকদের জানান, এতে দেশের সার্বিক স্যানিটেশন ব্যবস্থা এবং বিদেশী সংস্থাগুলোর সহায়তায় পরিচালিত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এতে বলা হয়, বেসরকারি দাতাদের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর অগ্রগতি প্রায় ৮০ শতাংশ। অর্থবছর শেষ হওয়ার আগেই প্রকল্পগুলোর কাজ শেষ হবে। এ ব্যাপারে নজরদারি করতে এলজিইডিকে তাগিদ দেওয়া হয়েছে।
তিনি জানান, ডিপিএইচইতে কিছু অনিয়মের ঘটনা থাকলেও তারা স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। তবে পর্যাপ্ত জনবল না থাকায় তাদের কাজ বিঘিœত হচ্ছে। স্যানিটেশন সাফল্যের জন্যে তাদের পর্যাপ্ত জনবল দেওয়ার সুপারিশ করা হয়েছে।
