২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ইসি, রায়ের কপির অপেক্ষায় সিইসি

বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদ করে নতুন ভোটার তালিকা তৈরি করতে উচ্চ আদালতের দেওয়া নির্দেশের প্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) তার পরবর্তী করণীয় সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 08:37 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

এদিকে সুপ্রিম কোর্টের রায় প্রদানের পর দু’দিন পার হয়ে গেলেও রায়ের কপি সংগ্রহ করতে ইসি অথবা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পক্ষ থেকে কোনো প্রচেষ্টার খবর বুধবার পর্যন্ত শোনা যায়নি।

সিইসি বিচারপতি এমএ আজিজ বুধবার সাংবাদিকদের বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর চলতি ভোটার তালিকা প্রণয়নের প্রক্রিয়ার ব্যাপারে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন।

সিইসি’র দায়ের করা লিভ টু আপিল সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার দু’দিন পর সাংবাদিকরা বুধবার বিকেলে ‘বিতর্কিত’ ভোটার তালিকার ব্যাপারে ইসি’র পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিইসি’র কাছে জানতে চান। ইসি চলতি বছরের জানুয়ারি থেকে নতুন ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু করে ও চলতি মে মাসের ৩ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে।

প্রেস ব্রিফিংয়ে সিইসি বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো। আমরা এখনও রায়ের কপি হাতে পাইনি।

ইসি’র প্রধানের পদে থাকা নিয়ে ব্যাপক বিতর্ক ও আদালতে পরাজয়ের প্রেক্ষিতে তিনি পদত্যাগ করার চিন্তা ভাবনা করছেন কিনা জানতে চাইলে সিইসি প্রশ্ন এড়িয়ে যান। তিনি বলেন, আমাকে এখন গাড়িতে উঠতে দিন।

এরপর তিনি সাংবাদিকদের প্রশ্ন করার কোনো সুযোগ না দিয়ে দ্রুততার সাথে প্রেস ব্রিফিংস্থল ত্যাগ করেন।

এর আগে বিকেল ৩টার দিকে সুপ্রিম কোর্টের সত্যায়িত রায়ের কপি পেতে ইসি’র অ্যাডভোকেট--অন--রেকর্ড শহীদুর রহমান খোশনাবিশ কোনো আবেদন করেছেন কিনা জানতে চাওয়া হলে  ইসি’র যুগ্মসচিব (আইন) একেএম সলিম উল্লাহ এ ব্যাপারে কিছু নিশ্চিত করতে পারেননি।

রায়ের কার্যকারিতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে একেএম সলিম উল্লাহ বলেন, আদালতের যেকোনো আদেশ রায় প্রদানের পরপরই কার্যকর হয়, এমনকি তা মৌখিক হলেও।

ভোটার তালিকার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিতে বিলম্ব হলে ইস্যুটি নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে বলে তিনি জানান। তিনি বলেন, পরবর্তী পদক্ষেপের ব্যাপারে আপনাদের মতো আমরাও আগ্রহী।

নাম গোপন রাখার শর্তে ইসি’র একজন কর্মকর্তা বার্তা সংস্থা বিডিনিউজকে বলেন, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী চলতি নতুন ভোটার তালিকা প্রণয়ন প্রক্রিয়া বন্ধ ও খসড়া ভোটার তালিকা বাতিল করা ছাড়া ইসি’র আর কোনো বিকল্প নেই।

কর্মকর্তাটি বলেন, রায়ের কপির জন্য অপেক্ষা করা আনুষ্ঠানিকতা মাত্র। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার সাথে সাথেই উদ্যোগে (খসড়া ভোটার তালিকা) বিফলে গেছে। 

সুপ্রিম কোর্ট মঙ্গলবার ২০০০ সালে প্রণীত ভোটার তালিকার ওপর ভিত্তি করে ও ওই তালিকা থেকে মৃত, অপ্রকৃতিস্থ ও অবাংলাদেশীদের নাম বাদ দিয়ে নতুন ভোটার তালিকা তৈরি করতে  ইসিকে নির্দেশ দেন।

প্রধান বিচারপতি জেআর মোদাচ্ছির হোসেন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তোফাজ্জল ইসলাম ও বিচারপতি আমিরুল কবির চৌধুরীর সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ভোটার তালিকা প্রণয়নের ওপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সিইসি’র দায়ের করা লিভ টু আপিল খারিজ করে দেন।