টেলিফোনে আড়িপাতা ইস্যুতে সরকার ও বিটিআরসি’র প্রতি হাইকোর্টের রুল
হাইকোর্ট সোমবার সরকার ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) প্রতি জারি করা এক রুলে টেলিফোনে আড়িপেতে জনগণের আলাপচারিতা রেকর্ড করতে টেলিফোন কোম্পানিগুলোকে দেওয়া বিটিআরসির আদেশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা তিন সপ্তাহের মধ্যে ব্যাখ্যা করতে বলেছেন।
জাতীয় বাংলা দৈনিক প্রথম আলোর বার্তা সম্পাদক সানাউল্লাহ লাভলু ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সংবাদদাতা আবু সাঈদ খানের জনস্বার্থে দায়ের করা মামলার শুনানি শেষে বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ সরকার ও বিটিআরসির ওপর এ রুল জারি করেন। রুলে টেলিযোগাযোগ (সংশোধনী) আইন ২০০৬ কেন বেআইনি ঘোষণা করা হবে তার কারণ দর্শাতেও আদালত বিবাদীদের প্রতি নির্দেশ দিয়েছেন।
ডাক ও টেলিযোগাযোগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিববৃন্দ এবং বিটিআরসির চেয়ারম্যানকে রুলে বিবাদী করা হয়েছে।
এর আগে মানবাধিকার সংগঠন অধিকারের কোষাধ্যক্ষ ড. তাসনিম সিদ্দিকী ও জাতীয় ইংরেজি দৈনিক নিউএজের সম্পাদক নুরুল কবিরের ১৮ মে জনস্বার্থে দায়ের করা মামলায় হাইকোর্টের একই বেঞ্চ সংশ্লিষ্ট আইনের আড়িপাতা ধারাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তার কারণ দর্শাতে সরকারের ওপর রুল জারি করেন।
সরকার চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে টেলিযোগাযোগ (সংশোধনী) আইন ২০০৬ প্রণয়ন করে।
এ আইনের আওতায় যেকোনো টেলিফোন কোম্পানিকে আড়িপেতে টেলিফোনে আলাপচারিতা রেকর্ড ও সে সংক্রান্ত অন্য যেকোনো তথ্য সংগ্রহ করার ক্ষমতা দেওয়া হয়েছে। এ আইন প্রণয়নের সময় সরকার বলেছিল, রাষ্ট্রের নিরাপত্তা ও জনজীবনে শান্তি নিশ্চিত করতে এ আইন করা হয়েছে।
প্রয়োজন হলে সরকারি সংস্থাগুলো যেন তথ্য সংগ্রহ করতে পারে সে জন্য বিটিআরসি কর্তৃপক্ষ ১৬ মার্চ টেলিফোন ব্যবহারকারীদের টেলিফোন সংলাপ রেকর্ড করতে টেলিফোন কোম্পানিগুলোকে নির্দেশ ও এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়।
আবেদনকারীদের পক্ষের কৌসুলি ও সাবেক এটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম আদালতকে বলেন, বিটিআরসি প্রজাতন্ত্রের সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হওয়ায় জনগণের টেলিফোন সংলাপ রেকর্ড করতে টেলিফোন কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়ার কোনো এখতিয়ার তার নেই।
আবেদনকারীরা তাদের আবেদনে বলেন, আইনটি জনগণের গোপনীয়তার অধিকার হরণ করবে। এ আইন কার্যকর হলে জনগণের গোপনীয়তার অধিকার ও স্বাধীন মতামত প্রকাশের অধিকার সংক্রান্ত সংবিধানের ধারাও লঙ্ঘিত হবে।
বিটিআরসির আদেশের ওপর স্থগিতাদেশ জারি করার জন্য তারা আদালতের কাছে প্রার্থনা জানান।
ব্যারিস্টার নিহাদ কবির ও অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামানের সহযোগিতায় অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন।
