২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় কমিটির বৈঠক: দেশের জলসীমা রক্ষায় নৌ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ, ১৬টি জঙ্গি বিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগ

আন্তর্জাতিক দরপত্র ছাড়া বিমান বাহিনীর ১৬টি এফ-৭ জঙ্গি বিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগ তুলে বিরোধী দলের সাংসদরা একটি সংসদীয় উপ-কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 04:30 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রতিবেশী ভারত ও মায়ানমারের গ্যাস অনুসন্ধানের বিষয়ে নৌ - বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

তিন ঘন্টার বৈঠকে জঙ্গি বিমান ক্রয়, বঙ্গোপসাগর থেকে প্রতিবেশী দেশের গ্যাস উত্তোলন ছাড়াও বিমান বাহিনীর হেলিকপ্টার ক্রয়, নৌবাহিনীর জন্যে সাবমেরিন ও মেরিটাইম এয়ারক্র্যাফট ক্রয়সহ এর আধুনিকায়ন, আসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগ সাংসদ কর্ণেল (অব:) শওকত আলী সাংবাদিকদের জানান, বিমান বাহিনী আন্তর্জাতিক দরপত্র ছাড়াই ১১৭ দশমিক নয় মিলিয়ন ডলার দরে ১৬টি এফ - ৭ জঙ্গি বিমান কিনেছে। এগুলো দরপত্রের মাধ্যমে কেনা হলে আরো কম দামে কেনা যেতো।

বৈঠক সূত্র জানায়, দরপত্র ছাড়া কেনার সাথে তৃতীয় পক্ষের কমিশন ও দুর্নীতি জড়িত থাকতে পারে উল্লেখ করে কর্ণেল (অব:) শওকত বলেন, এই তৃতীয় পক্ষ দেশেরও হতে পারে আবার চীনেরও হতে পারে।

তিনি বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলে ক্ষমতাসীন দলের সাঈদ ইস্কান্দার এজেন্ডা বহির্ভূত বিষয়ে আলোচনায় আপত্তি তোলেন। তবে সভাপতির হস্তক্ষেপে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত থাকে।

কমিটির সভাপতি লে. জে. (অব:) মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, বিরোধী দলের সদস্যরা সভায় চীন থেকে ১৬টি এফ-৭ জঙ্গি বিমান কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তোলেন।

তারা পূর্বের আলোচনার ধারাবাহিকতায় আবারো তৃতীয় পক্ষের কমিশন নেয়ার বিষয় জড়িত থাকার আশংকা ব্যক্ত করে কমিটির সদস্যদের প্রয়োজনে চীন যাওয়ার ব্যবস্থা করারও দাবি জানান।

জবাবে বিমান বাহিনীর প্রধান পূর্বের বৈঠকে দেওয়া ত্রুটিযুক্ত তথ্যের জন্যে কমিটির কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, দুই দেশের সরকার পর্যায়ে যোগাযোগের মাধ্যমে বিমানগুলো কেনা হয়েছে। এতে তৃতীয় পক্ষের কোনো যোগাযোগ থাকার সম্ভাবনা নেই।

বিমান বাহিনী প্রধান বৈঠকে জানান, এই ১৬টি জঙ্গি বিমান ক্রয়ের জন্যে প্রথমে আন্তর্জাতিক বাজার যাচাই দরপত্র (ইন্টারন্যাশনাল বাজেটারি টেন্ডার) আহ্বান করা হয়েছিল। ওই দরপত্রে মোট চারটি প্রস্তাব পাওয়া যায়, এর মধ্যে তিনটিই ছিল চীন থেকে। তাই দুই দেশের সরকার পর্যায়ে আলোচনার মাধ্যমে দর কষাকষি করে বিমানগুলো কেনা হয়েছে। এ জন্যে কোনো আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়নি।

কমিটির সভাপতি মাহবুবুর রহমান জানান, বঙ্গোপসাগরের গ্যাস ক্ষেত্র রক্ষা ও সংলগ্ন এলাকা থেকে প্রতিবেশী ভারত ও মায়ানমারের গ্যাস অনুসন্ধানের বিষয়ে নৌবাহিনীর বক্তব্য বৈঠকে জানতে চাওয়া হয়।

নৌবাহিনীর প্রধান বৈঠকে জানান, তিনি এ ব্যাপারে এখনো কিছুই জানেন না।

তিনি নৌবাহিনীর সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, তাদের মাত্র চারটি জাহাজ বঙ্গোপসাগরের বি¯তৃত জলসীমা রক্ষায় কাজ করছে। ফলে তারা পূরো এলাকার নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করতে পারছেন না। এ জন্যে আরো জাহাজের প্রয়োজন।

মাহবুবুর রহমান জানান, বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রতি বছর মোট বরাদ্দের মাত্র পাঁচ শতাংশ সম্পদ আহরণ ও ১২ শতাংশ নির্মাণ খাতে ব্যয় হয়। বাকী ৮৩ শতাংশ অর্থ ব্যয় হয় বেতন, ভাতা, পেনশন, যানবাহন ও জ্বালানি ক্রয় খাতে।

বৈঠকে এ অপচয় বন্ধ করে সম্পদ আহরণ খাতে ব্যয় বৃদ্ধি এবং বাজেটে প্রতিরক্ষা খাতের জন্যে বরাদ্দ বৃদ্ধির সুপারিশ করা হয়।

বৈঠকে দপ্তরবিহীন মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মেজর (অব:) কামরুল ইসলাম ও আওয়ামী লীগের এএসএইচকে সাদেক উপস্থিত ছিলেন।