বগুড়ায় সোমবার ১৪ দলের হরতাল, বিএনপি’র পাল্টা কর্মসূচি
১৪ দলের ডাকে বগুড়ায় সোমবার সকাল--সন্ধ্যা হরতাল। পাল্টা কর্মসুচি হিসেবে জনসভার ডাক দিয়েছে জেলা বিএনপি। পাল্টাপাল্টি এ কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি ও আওয়ামী লীগ মুখোমুখি হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষক মহল মনে করছে, বগুড়ায় আওয়ামী লীগের সাংগঠনিক উত্থান, শোডাউনকে প্রেস্টিজ ইস্যু ভেবেই বিএনপি পুলিশকে ট্রামকার্ড হিসেবে ব্যবহারের পাশাপাশি নিজেরাও মাঠে নেমেছে। এদিকে ১৪ দল তথা আওয়ামী লীগ রাজপথ ছাড়তে রাজি নয়। হরতাল সফল করতে রোববার সমাবেশ করেছে তারা। অন্যদিকে হরতালের প্রতিবাদে বিএনপি শহরে মিছিল করেছে।
হরতাল সফল ও তা প্রতিহত করার নামে সোমবার উভয় দলই মাঠে থাকবে বলে সূত্র নিশ্চিত করেছে। ফলে আবারও বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে শহরবাসী।
সূত্রমতে, শনিবার বিকেলে ১৪ দলের পূর্ব ঘোষিত সমাবেশ পুলিশ ও যুবদল ক্যাডারদের অ্যাকশনে ভন্ডুল হয়ে যায়। এ সময় পুলিশ যুবলীগের শান্তিপূর্ণ মিছিলে গুলিবর্ষণ, টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত ও জেলা যুবদল সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২ নেতাকর্মীকে গ্রেফতার, ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ৩টি মামলা দেয়। এতে বিরোধী দলের নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে পারেনি; বরং আরও চাঙ্গা হয়ে উঠে। সূত্রমতে, যুবলীগের মিছিলে হামলার প্রতিবাদে সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল যেকোন মূল্যে সফল করার শপথ নিয়েছে ১৪ দল। সরকারি দলও হরতাল বানচাল করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি দল পুলিশের পাশাপাশি শহরের কেন্দ্রস্থলে অবস্থান নেবে বলে একটি সুত্রটি জানা গেছে। পাশাপাশি ১৪ দল শহরের কেন্দ্রস্থলে পৌছতে না পারলে তারা কৌশল হিসেবে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নিয়ে হরতাল সফল করবে।
এদিকে, বিরোধী দল তাদের কর্মসূচী শুধু শহরে নয়, প্রতিটি থানা পর্যন্ত বিস্তৃতি ঘটানোর কৌশল অবলম্বন করেছে। কৌশল হিসেবে তারা শহরে অবস্থানের জন্য কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জনসভা আহবান করে রাজপথ দখলের চিন্তা করছে। সূত্রটি আরও জানায়, সোমবার হরতালের পর বগুড়ায় তারা নতুন করে কর্মসূচী ঘোষণা করবে। অন্যদিকে বিএনপিও আলতাফুন্নেছা খেলার মাঠে তাদের জনসভা থেকে এসব কর্মসূচী প্রতিরোধের ঘোষণা দিবে।
আওয়ামী লীগ সূত্র জানায, শনিবার মিছিল থেকে গ্রেফতার হবার পরই যুবলীগ সভাপতি তাৎক্ষণিকভাবে কর্মীদের উদ্দেশ্যে লাগাতার কর্মসূচীর ঘোষণার নির্দেশ দিয়েছেন।
