২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা -৪ আসনের উপ-নির্বাচনে চারদলীয় জোট প্রার্থী কায়সার বিজয়ী

গাইবান্ধা ৪ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী শামীম কায়সার লিঙ্কনকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 11:03 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

মঙ্গলবার অনুষ্ঠিত উপনির্বাচনে ১০২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায় লিঙ্কন ৭৬,২৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক কমিটির (স্বতন্ত্র) অধ্যক্ষ আবুল কালাম আজাদ পেয়েছেন ৫০,৬৬৩ ভোট। এছাড়া জাতীয় পার্টির (এরশাদ) আলহাজ্ব লুৎফর রহমান চৌধুরী পেয়েছেন ৩৬,৭৮২ ভোট।

মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই এক সংবাদ সম্মেলনে আজাদ বিএনপি প্রার্থী কর্তৃক ভোট চুরির অভিযোগ করেন।

ভোট গ্রহণ পর্যবেক্ষণ করে জাতীয় পার্টির একটি দলও ভোট কারচুপির অভিযোগ করে। জাতীয় পার্টির সেক্রেটারী জেনারেল রুহুল আমিন হাওলাদার, শাহ মোহাম্মদ সোলায়মান এমপি, নূর মোহাম্মদ মন্ডল এমপিসহ অন্যান্য নেতারা শামীম কায়সারের বিরুদ্ধে অভিযোগ করেন।

নাগরিক কমিটির প্রার্থী অধ্যক্ষ আজাদ বিএনপি প্রার্থী কায়সারের বিরুদ্ধে নির্বাচন কেন্দ্রে আতঙ্ক সৃষ্টি এবং আজাদের দলীয় প্রাথীদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়ার অভিযোগ করেন।

কিছু কিছু কেন্দ্রে সংখ্যালঘু সম্প্রদায়কে জোট প্রার্থীর পক্ষে ভোট দিতে বাধ্য করা হয় বলেও তিনি জানান।

বিএনপির কর্মীরা নির্বাচনী আইন লঙ্ঘন করে ১৭টি কেন্দ্রের দেয়ালে পোস্টার লাগিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন যে কোচা শাহার এলাকায়  জোট প্রার্থীকে ভোট দেবার আবেদন জানিয়ে কিছু ব্যানারও লাগানো ছিল।

গাইবান্ধা- ৪ আসনের ১৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভার এ উপনির্বাচনে ছয জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। প্রধান বিরোধী দল আওয়ামী লীগের প্রার্থী এ নির্বাচন বয়কট করায় এবং সাধারণ মানুষ ইরি চাষের জন্য ব্যস্ত থাকায় ভোটার সংখ্যা বিশেষ করে মহিলা ভোটার সংখ্যা বেশ কম ছিল।

জালভোট দেয়ার অভিযোগে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট শ্যামল (১৭) এবং হামিদুল (২০) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে।