জিয়াউর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন নিয়ে সংসদে অনির্ধারিত বিতর্ক
রাষ্ট্রপতি থাকাকালে জিয়াউর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনের ঘটনা নিয়ে মঙ্গলবার সংসদে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেনকে এ বিষয়ে একটি প্রশ্ন উত্থাপন করলে বিতর্কের অবতারণা হয়।
পয়েন্ট অব অর্ডারে ড. মোশারফ আলোচনা শেষ করলে শেখ হাসিনা তাকে প্রশ্ন করেন, ‘জিয়াউর রহমান মার্শাল ল’ চলাকালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, তখন আপনি তাকে ধাক্কা ও থাপ্পড় মেরেছিলেন। সেই দিনের ঘটনা সম্পর্কে জানতে চাই। বলবেন কি?
উত্তরে ড. মোশারফ বলেন, আমি তখন ঢাবির শিক্ষক ছিলাম। জিয়াউর রহমান কোন সিকিউরিটি ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের কাছে গিয়েছিলেন। সেখানে কয়েকজন ছেলে তাকে ‘ঢিল, ধুলো ও ধাক্কা’ দিয়েছিলো। কিন্তু জিয়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ঢাবি জয় করে এসেছিলেন।
শেখ হাসিনা আবার দাঁড়িয়ে বলেন, আমি তখন দেশে ছিলাম না। তবে মোশারফ হোসেন সাহেবের কাছ থেকে জানতে পারলাম, গণতন্ত্র হত্যা করে মার্শাল ল’ করার কারণে জিয়াকে কিভাবে অপমানিত হতে হয়েছিল। ঢাবিতে কিভাবে তাকে ছাত্ররা জুতো, লাঠি, ঢিল মেরে প্রতিবাদ করেছিলো। আর জিয়া ঠিকই চিনেছিলেন এই মোশারফ হোসেনকে। পরে তাকে দলে কিনে নিয়েছিলেন।
ড. মোশারফ পুনরায় ফ্লোর নিয়ে বলেন, বিরোধী দলীয় নেতা আমার বক্তব্য বাড়িয়ে জুতো মারা ও অপমানের কথা বলেছেন। অথচ আমি একথা বলিনি। জিয়াকে জুতো মারার কথা ইতিহাসেও নেই। তিনি ‘জুতো মারা’ শব্দ এক্সপাঞ্জ করার দাবি জানান।
পরে কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী ওই দিনের ঘটনার কথা উল্লেখ করে বলেন, ওইদিন জিয়াউর রহমানকে ছাত্ররা গালি দিয়েছিল। কিন্তু জিয়াউর রহমান ধৈর্য্য ধরে গালি সহ্য করেছিলেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, সমাজের পরিবর্তন, বাস্তবতায় অনেকের ভাগ্যে অনেক কিছুই জোটে। যেমন আজকের প্রধানমন্ত্রী বেগম জিয়া একসময় আমার অটোগ্রাফ নেয়ার চেষ্টা করেছেন, তখন আমি জিয়ার বাড়িতে যেতাম। আর আমি এখন একজন এমপি মাত্র।
