সন্ত্রাস, দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার
সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারার প্রধান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী সন্ত্রাস, দুর্নীতি, দারিদ্র্য ও রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বিকল্পধারার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গলবার বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী বীরবিক্রম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা শিরিন আখতার, তরিকত ফেডারেশনের নেতা আলহাজ্ব সৈয়দ নজিবুল বসর মাইজভাণ্ডারি ও আলহাজ্ব মাওলানা জাকির হোসেন এবং বিকল্পধারা মহাসচিব মেজর (অব) আব্দুল মান্নান ও সাংগঠনিক সম্পাদক মাহি বি. চৌধুরী এমপি বক্তব্য রাখেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, তার দল একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমানের গুণগত পরিবর্তন আনতে চায়।
তিনি চারদলীয় জোট সরকারের অপশাসনের বিরুদ্দে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিদ্যুৎ ও পানির মতো সকল খাতেই এ সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, জনগণের সত্যিকারের দাবি কখনও অপূর্ণ থাকে না। কানসাটই তার প্রমাণ।
ড. কামাল বলেন, লোক প্রশাসন ও সংসদ সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়ায় জনগণ সঙ্কটজনক পরিস্থিতিতে আছে। পানি, জ্বালানি তেল ও বিদ্যুৎ সঙ্কট আরও বাড়ছে বলে তিনি জানান।
কানসাটের ঘটনা থেকে সরকার কোনও শিক্ষা নেয়নি বলে তিনি জানান। ক্ষমতাসীন জোটের রুগ্ন রাজনীতির কারণে বিদ্যুৎ ও পানির সঙ্কটের সৃষ্টি হয়েছে বলে ড. কামাল অভিমত ব্যক্ত করেন।
কাদের সিদ্দিকী এমপি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেবল ১৪ দল ও সরকারের মধ্যে সংলাপের মাধ্যমে তার সমাধান হতে পারে না।
তিনি বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনাকে অন্তর্দ্বন্দ্বের ফল বলে উল্লেখ করেন এবং এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
তিনি বলেন, এর আগে আওয়ামী লীগের সরকার তার ওপর বর্বর আক্রমণ চালায়।
তিনি আরও বলেন, ড. কামাল হোসেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলে যোগ দিয়ে ভুল করেছেন।
