২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী প্রতীক বরাদ্দ সংক্রান্ত রিট আবেদন খারিজ

দেশের বড় চারটি দলকে নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা, নৌকা, লাঙ্গল ও ধানের শীষ বরাদ্দ দিয়ে নির্বাচন কমিশন কোনও আইন ভঙ্গ করেনি এবং এতে আবেদনকারীদের ক্ষুব্ধ হওয়ার মতো যৌক্তিক ও বস্তনিষ্ঠ কোনও কারণ নেই।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 07:17 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

সুপ্রিম কোর্টের ছয় আইনজীবীর দায়ের করা নির্বাচনী প্রতীক সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্ট এ রায় প্রদান করেন।

বিচারপতি আওলাদ আলী এবং বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার সংক্ষিপ্ত খারিজ আদেশে বলেন, নির্বাচনী প্রতীক শুধু নির্বাচন চলাকালেই ব্যবহৃত হয়। নির্বাচনী প্রতীক বরাদ্দের ফলে সরকারি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও মর্যাদার হানি ঘটে না।

গত ২ মে সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মকসুদুল ইসলাম, অ্যাড. এসএম ফজলুল হক, অ্যাড. আসাদুজ্জামান সিদ্দিকী, অ্যাড. শামসুল আলম এবং অ্যাড. মোস্তফা জামান ইসলাম সুপ্রীম কোর্টের মনোগ্রাম দাড়িপাল্লাকে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহারে নির্বাচনী বিধির বিষয়টিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।

অন্যদিকে সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাড. শাহাদাত আলী ওই রিটের বিপরীতে জনস্বার্থে আরও একটি রিট আবেদন দায়ের করেন। আবেদনে রাজনৈতিক দলের প্রতীক হিসেবে নৌকা, লাঙ্গল, ধানের শীষ ব্যবহারে নির্বাচনী বিধিগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

নির্বাচনী প্রতীক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা, জাতীয় পার্টি লাঙ্গল, বিএনপি ধানের শীষ এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ দাড়িপাল্লা ব্যবহার করে আসছে।

রিট আবেদনকারীদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাড. মঞ্জিল মুর্শিদ এবং অ্যাড. তাজুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীকে সহযোগিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুল বাসেত।