২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া ভোটার দিয়ে ভুয়া এমপি বানিয়ে জোটের আবার ক্ষমতায় আসার পথে প্রতিরোধ গড়ুন: হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে বলেছেন, ভুয়া ভোটার তালিকা দিয়ে ভুয়া এমপি বানিয়ে জোট যেন আবার ক্ষমতায় আসতে না পারে, সেজন্যে ঐক্যবদ্ধ প্রতিরোধ সৃষ্টি করুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

তিনি জনগণকে আরো ভোটাধিকার সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রখ্যাত শ্রমিক নেতা আহসান উল্লাহ্ মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার এক স্মরণ সভায় তিনি বলেন, কানসাটের পর রাজধানীর ডেমরা এলাকায় শোষিত, বঞ্চিত ও ক্ষুব্ধ জনতা যেভাবে এক গডফাদার এমপিকে ধাওয়া করেছে, ঠিক তেমনিভাবেই সারা দেশে সব ক’টি সন্ত্রাসী গডফাদার ধাওয়া খাবে।

তিনি বলেন, ওদের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। বিচার করতে হবে। জোট দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে হবে। আমরা শোষিত, বঞ্চিত, নির্যাতিত জনগণের পাশে আছি।

ঢাকার আইডিইবি মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এ সভায় শেখ হাসিনা জোট সরকারের বিরুদ্ধে হত্যা- নির্যাতন, দুর্নীতি, সন্ত্রাস এবং সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানোর অভিযোগ এনে বলেন, সংকট সৃষ্টি করে তারা মুনাফা লুটছে। আর জনগণকে শোষণ করছে।

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কুয়েত সফর সম্পর্কে বিরোধী দলীয় নেতা বলেন, দেশে সংকট সৃষ্টি করে তিনি নিজেই কমিশন খাওয়ার জন্যে তেল কিনতে কুয়েত গেছেন। 

তিনি বলেন, প্রশাসন, নির্বাচন কমিশন এবং আগামী তত্ত্বাবধায়ক সরকার নিজেদের মতো রেখে কারচুপি করে আবার ক্ষমতায় আসার জন্যেই তারা ভোটারদের তোয়াক্কা না করে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে যাচ্ছে। এ কারণেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্যে সংস্কার দরকার।

‘জোট সরকারের হত্যা, খুন, অত্যাচার নির্যাতন’ এবং র‌্যাবের কর্মকা-ের কঠোর সমালোচনা করে তিনি বলেন, র‌্যাবকে ব্যবহার করে আগামী নির্বাচনী বৈতরণী পার হতে চায় বলে এখন র‌্যাবের মর্যাদা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে সরকার।   

শ্রমিক লীগ সভাপতি আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আহসান উল্লাহ্ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল এমপি ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, ইকবাল সোবহান চৌধুরী, হাবিবুর রহমান সিরাজ, ড. ওয়াজেদুল ইসলাম, আবুল বাসার এবং রায় রমেশ চন্দ্র।