ডেমরার পাটেরবাগে বিকল্প পানির পাম্প চলছে না
ডেমরায় শনিবার বিদ্যুত, পানি ও গ্যাসের দাবিতে গণবিক্ষোভের পর পাটেরবাগ এলাকায় বিকল্প পানির পাম্প স্থাপন করা হলেও বিদ্যুতের লো ভোল্টেজের কারণে রোববারও তা চালু করা যায়নি।
পাটেরবাগ পাম্পের মেশিন অপারেটর মতিউর রহমান বলেন, শনিবার বিকেলে নিরবিচ্ছিন্নভাবে পানি সরবরাহ করা হলেও লো ভোল্টেজের কারণে রোববার সকাল থেকে পাম্পটি চালু করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, পাম্পটি চালাতে ৩২০ ভোল্টেজের প্রয়োজন। কিন্তু আমরা পাচ্ছি ২৬০ ভোল্টেজ।
তিনি বলেন, পাম্পটি চালাতে আমাদের কাছে জেনারেটর থাকলেও ডিজেলের অভাবে আমরা তা চালাতে পারছি না।
এদিকে বৃহস্পতিবারের সংঘর্ষে আহতদের চিকিৎসায় সরকার এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছে।
ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা বৃহস্পতিবার রাতে সংগ্রাম পরিষদ নেতাদের সাথে আলোচনাকালে আহতদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।
মেয়রের উদ্ধৃতি দিয়ে সংগ্রাম কমিটির একজন নেতা বলেন, মেয়র আশ্বাস দিয়েছিলেন যে, সরকার ক্ষতিপূরণ না দিলে তিনি (মেয়র) নিজেই তা করবেন।
এছাড়া স্থানীয়রা অভিযোগ করে বলেন, গ্রেপ্তার ও বিএনপি ক্যাডারদের হামলার ভয়ে সংগ্রাম পরিষদের নেতা, কর্মী, সমর্থকরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, সংগ্রাম পরিষদের নেতা কর্মীদের বিএনপি ক্যাডাররা হুমকি ধামকি দিচ্ছে।
একজন আন্দোলনকারী বলেন, অস্ত্রধারী ক্যাডাররা আমাদের হত্যার হুমকি দেওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় আছি।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার মাঝরাতে সংগ্রাম কমিটির সাথে মেয়রের বৈঠকে মেয়র কোনো মামলা না করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে ওই আশ্বাস ছিল মিথ্যা।
এদিকে সেনা সদস্যরা রোববারও ডেমরা এলাকায় পানি সরবরাহ অব্যাহত রেখেছে।
ডেমরা নূর নগরের ব্যাবসায়ী মোস্তাক বলেন, আমরা পানি পেলেও তা পরিমাণে যথেষ্ঠ নয়।
বিদ্যুত ও পানি সংকটে দিশেহারা ডেমরাবাসী শুক্রবার পানি ও বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমে আসলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। স্থানীয় সাংসদ সালাউদ্দিন গণরোষের শিকার হন। সংঘর্ষে সাংসদসহ প্রায় ১০০ জন আহত হয়।
সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোসলেহউদ্দিন মাসুম সাংবাদিকদের বলেন, সাতদিনের মধ্যে সরকার তাদের দাবি না মানলে তারা নতুন করে আন্দোলন শুরু করবেন।
তিনি বলেন, আমাদের দাবি মানা না হলে আমরা ‘কানসাটের’ মত আন্দোলন শুরু করব।
