২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্থিতিশীল পরিস্থিতিতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে ড. কামালের আহ্বান

প্রখ্যাত আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ার আহ্বান জানিয়েছেন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত ছাত্রধারার এক ছাত্র সমাবেশে তিনি এ আহ্বান জানান।

ড. কামাল আরো বলেন, দেশে বর্তমানে রুগ্ন অবস্থা বিরাজমান। হরতাল, রাহাজানি, ছিনতাই, হাহাকারের মধ্য দিয়ে দেশ চলছে। বিশ্ববিদ্যালয়ে স্বজনপ্রীতি, রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে শিক্ষক  নিয়োগ প্রক্রিয়াসহ সকল কার্যক্রম চলছে।

তিনি সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে এক হয়ে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার জন্য আলোচনায় বসার আহ্বান জানান।

তিনি আরো বলেন, যারা দুর্নীতি করে তারা বেশি সুযোগ-সুবিধা পায়, আর যারা সৎ তারা কম সুযোগ-সুবিধা ভোগ করে। তিনি দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।

ড. কামাল হোসেন বলেন, আমরা সবাই কার্যকর সংসদ চাই যেখানে মুক্ত আলোচনা হবে। তাই সংসদকে কার্যকর করতে হবে।  

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রধারার সভাপতি মঞ্জুর আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজিম উদ্দিন খান, বুয়েটে সন্ত্রাসীদের গুলিতে নিহত সনির বাবা হাবিবুর রহমান ভুঁইয়া, ইঞ্জিনিয়ার আবুল কাশেম প্রমুখ।

অধ্যাপক তানজিম উদ্দিন খান বলেন, শিক্ষার্থীদের শুধু রাজনীতি নিয়ে মেতে থাকলেই হবে না। বরং লেখাপড়ার পাশাপাশি রাজনীতি করতে হবে। তিনি শির্ক্ষাথীদের সুষ্ঠ ও শিক্ষার উপযুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।