মায়ানমার হয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার উদ্যোগ
সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠার পর বাংলাদেশ ও চীন এবার মায়ানমার হয়ে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে।
পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বেইজিংয়ে দু দেশের মধ্যে ৮ম বার্ষিক ফরেন অফিস কনসালটেশনসে যোগদান শেষে দেশে ফিরে রোববার সাংবাদিকদের বলেন, আমরা সড়ক যোগাযোগের ওপর গুরুত্ব দিচ্ছি। এটি হবে ত্রিপাক্ষিক একটি সড়ক ব্যবস্থা। আশা করছি শিগগিরই এ ব্যাপারে আরও কিছু অগ্রসর পদক্ষেপ নেয়া হবে।
কূটনীতিক সূত্র জানায়, মায়ানমারের সাথে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য পররাষ্ট্র সচিব আগামী মাসে মায়ানমার সফরে যাবেন। সড়ক যোগাযোগ স্থাপনের ব্যাপারে বাংলাদেশ ও চায়না উভয়ই মায়ানমারকে প্রভাবিত করার চেষ্টা করবে।
পররাষ্ট্র সচিব বলেন, দু দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ঢাকা বাংলাদেশী পণ্যকে চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা প্রদানের ব্যাপারে অনুরোধ জানিয়েছে।
তিনি বলেন, এর আগে বেইজিং ঘোষণায় তারা ৪৮টি পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানে রাজি হয়েছিলেন। আমরা সকল বাংলাদেশী পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানের অনুরোধ জানিয়েছি। তারা আমাদের বক্তব্য শুনেছেন।
বাংলাদেশ চীনের ক্রেতা দলের কাছে বাংলাদেশী পণ্য ক্রয় আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে। চীনা কর্তৃপক্ষ বাংলাদেশী চাহিদা ও জনপ্রিয়তা সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করে।
এছাড়া বাংলাদেশ চীনকে বিদ্যুৎ খাতের মতো খাতগুলোতে যৌথ বিনিয়োগের ব্যাপারেও এগিয়ে আসার আহ্বান জানায়। এ ব্যাপারে চীনের দিক থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে হেমায়েতউদ্দিন জানান।
বাংলাদেশের ইপিজেড এবং অন্যান্য খাতে বড় অংকের যৌথ বিনিয়োগের ব্যাপারে চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা এগিয়ে আসবে বলে পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন।
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আলোচনা হয়েছে তবে চীনের দিক থেকে কোনও প্রস্তাব পাওয়া যায়নি।
তবে দু দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে চীন বাংলাদেশকে আশ্বস্ত করেছে বলে তিনি জানান।
বাংলাদেশের পক্ষ থেকে চীনা সরকারকে বাংলাদেশ থেকে বড় ধরনের আমদানিতে উৎসাহিত করতে এবং তৈরি ও সেবা খাতে অব্যাহত চীনা বিনিয়োগ আরও বাড়াতে বিশেষ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে।
এছাড়া সাপ্লায়ার্স ক্রেডিটের পরিবর্তে মঞ্জুরি ও কনসেশনাল ঋণ প্রদানের ব্যাপারেও ঢাকার পক্ষ থেকে বেউজিংকে অনুরোধ জানানো হয়েছে বলে কূটনীতিক সূত্র জানায়।
গত এপ্রিলে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের বাংলাদেশ সফরের সময় যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় তাতে চীনের সাপ্লায়ার্স ক্রেডিট সংক্রান্ত ব্যাপারে বাংলাদেশ বাধ্যবাধকতার মধ্যে আছে।
এদিকে বাংলাদেশ আন্তর্জাতিক অর্থ তহবিলের চাপের মধ্যে রয়েছে। তারা বলেছে, উচ্চ সুদে সাপ্লায়ার্স ক্রেডিট গ্রহণ অব্যাহত রাখলে বাংলাদেশের অর্থনীতি হুমকির মধ্যে পড়বে।
