২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার আবারও ১৪ দলের হরতাল, শনিবার বিক্ষোভ: কর্মসূচি সফলে ব্যাপক প্রস্তুতি

আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে রোববার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল। বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল পালনের মাত্র দু’ দিন পরেই বিরোধী দলগুলো এ হরতাল পালন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 06:47 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

এছাড়া শনিবার বিকেলে ১৪ দলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি দেওয়া হয়েছে।

১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে সরকারের বাধাদান এবং গুলি টিয়ার শেল নিক্ষেপসহ অত্যাচার নির্যাতন ও গ্রেফতার হয়রানির প্রতিবাদে নতুন এই কর্মসূচি দেওয়া হয়েছে।

রোববারের হরতাল এবং শনিবারের বিক্ষোভ কর্মসূচি সফল করতে ১৪ দল ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

শুক্রবার ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় বসেন। কর্মসূচি সফলের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি এবং কৌশল নিয়ে তারা আলোচনা করেন।

সভা শেষে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, জোট সরকার সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য আন্তরিক নয় বলে তারা নানা কৌশল ও তালবাহানায় ইচ্ছেকৃতভাবে কালক্ষেপণ করছে। অন্যদিকে পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যদের দিয়ে বিরোধী দলের কর্মসূচিতে বাধা প্রদান ও হামলা চালিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তারা। 

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার বাস্তবায়নে আলোচনার পাশাপাশি আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করে।

সভায় শনিবার বিকেলে মুক্তাঙ্গনে অনুষ্ঠেয় বিক্ষোভ সমাবেশ এবং রোববারের হরতাল সফল করতে নগরীর সকল থানা ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থককে মাঠে নামানোর নির্দেশ দেওয়া হয়।