ফৌজদারী দন্ডবিধি সংশোধনী বিল পাসে সময় নিচ্ছে সরকার, চলতি মেয়াদে বিচার বিভাগ পৃথকীকরণ অনিশ্চিত
সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বৃহস্পতিবার বলেছেন, পার্লামেন্টে ইতোমধ্যে পেশকৃত ফৌজদারী দন্ডবিধি সংশোধনী সংক্রান্ত বিলটি কবে পাস করা হবে তিনি তা বলতে পারবেন না। আর এর ফলে সরকারের বর্তমান মেয়াদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে আইনমন্ত্রী মওদুদ আহমেদ বলেন, ফৌজদারী দন্ডবিধি সংশোধনী বিলটি পাসের জন্য পার্লামেন্টে পেশ করা হয়েছে। বিলটি কখন পাস করা হবে তা নির্দিষ্ট করে বলা যাবে না। আরও তিনচার মাস সময় লাগতে পারে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ফৌজদারী আইনের সংশোধনের পর সরকার অনতিবিলম্বে চাকুরির বিধিমালা চূড়ান্ত করবে।
আইনমন্ত্রী বলেন, পার্লামেন্টে ফৌজদারী আইনের সংশোধনী বিল পাস করার পর সরকার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করতে চাকুরি বিধিমালা চূড়ান্ত করবে।
মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা প্রণয়ন করেছে এবং সেই বিধিমালা মোতাবেক জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করেছে।
তিনি বলেন, আমরা জুডিশিয়াল সার্ভিস (পে--কমিশন) সহ অন্য তিনটির বিধিমালার খসড়া চূড়ান্ত করেছি। সেগুলো রাষ্ট্রপতির অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করতে বিধিমালা প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। তবে সেটি হবে পার্লামেন্টে ফৌজদারী আইনের সংশোধনী বিলটি পাসের পর।
সূত্র জানায়, বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায়ে সুপ্রিম কোর্টের দেওয়া ১২ দফা নির্দেশনা মোতাবেক নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করতে সরকারকে চারটি সার্ভিস বিধিমালা চূড়ান্ত ও ফৌজদারী আইনের সংশোধনী বিল পাস করতে হবে।
চারটি বিধিমালা হলো - বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (পে--কমিশন) বিধিমালা, জুডিশিয়াল সার্ভিস (ফিক্সিং দ্য প্ল্যাসেস অব পোস্টিং, প্রমোশন, গ্রান্টিং অ্যান্ড কন্ট্রোলিং দ্য লিভস অ্যান্ড টার্মস অ্যান্ড কনডিশন্স অব দ্য সার্ভিসেস) বিধিমালা এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (ফরমেশন অব সার্ভিসেস, অ্যাপোয়ন্টমেন্টস ইন দ্য অফিসেস অব দ্য সার্ভিসেস অ্যান্ড টার্মিনেশন্স অ্যান্ড রিমোভাল) বিধিমালা।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমলাদের রক্ষা করার জন্য সরকার আদালত অবমাননার আইনের সংশোধন করছে না।
তিনি বলেন, সরকারের কর্মকর্তাদের রেহাই করতে নয়, দেশের সকল মানুষের স্বার্থের দিক বিবেচনা করে মন্ত্রিপরিষদ আদালত অবমাননা আইন সংশোধনের ব্যাপারে অনুমোদন দিয়েছে। আইনটির খসড়া অনুমোদনের আগে আমরা বেশ কয়েকজন বিশেষজ্ঞের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ১৯২৬ সালে প্রণীত আদালত অবমাননা আইনের আওতায় পুলিশের সাবেক মহাপরিদর্শক শহুদুল হক ছাড়া আর কাউকে শাস্তি দেওয়া হয়নি।
মন্ত্রিপরিষদ ১৭ এপ্রিল নতুন আদালত অবমাননা আইনের অনুমোদন দেয়। এর আওতায় সর্বোচ্চ শাস্তি হিসেবে ছয় মাসের কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয়ই অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯২৬ সালে প্রণীত প্রচলিত আইন অনুযায়ী, আদালত অবমাননার আইনে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের ছয় মাসের কারাদন্ড অথবা দুই হাজার টাকা জরিমানা অথবা উভয় শাস্তি হতে পারে।
সূত্র জানায়, সরকার নতুন আইন প্রণয়নের মাধ্যমে সরকারি কর্মচারী অধ্যাদেশ ১৯৮৫ (ডিসমিসাল অন কনভিকশন) সংশোধন করতে যাচ্ছে।
সূত্র জানায়, এ অধ্যাদেশ অনুযায়ী, কোন সরকারি কর্মচারীকে দশ হাজার টাকা বা তার চেয়ে বেশি অর্থ জরিমানা করা হলে তিনি চাকরি হারাবেন।
সূত্র জানায়, বর্তমান আইন অনুযায়ী কোনো সরকারি কর্মচারীর এক হাজার টাকা অর্থ জরিমানা অথবা ছয় মাসের জেল জরিমানা হলে তিনি চাকরি হারাবেন। এ আইনের সংশোধনী মন্ত্রিপরিষদের অনুমোদন লাভ করেছে এবং তা এখন পার্লামেন্টে পাস হওয়ার অপেক্ষায় রয়েছে।
