মানিকগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচনে জোটপ্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত বিজয়ী
মানিকগঞ্জ-৪ শূন্য আসনের উপনির্বাচনে চারদলীয় জোটপ্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত ৫০ হাজার ৪৯০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক কমিটির প্রার্থী মুশফিকুর রহমান খান হান্নান পেয়েছেন ৩৮ হাজার ২০৮ ভোট।
উপনির্বাচনে বুধবার মোট ৯৩ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে রাত ১০ টার মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফল নিয়ন্ত্রণ কক্ষে এসে পৌছায়। রাত বারোটার দিকে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে অংশ নেওয়া অপর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার মিলন ১২ হাজার ৩৫০ ভোট, মোয়াজ্জেম হোসেন তুষার ৮ হাজার ৪০৭ ভোট, খলিলুর রহমান ১৩ হাজার ৪৪৫ ভোট এবং সিরাজুল ইসলাম ৮৮১ ভোট পেয়েছেন।
এছাড়া দেশব্যাপী বহুল আলোচিত প্রার্থী কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের কৃষক মো. সাদেক পেয়েছেন ১০৫ ভোট।
নির্বাচন কমিশন সূত্র জানায়, মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলা নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩ হাজার ৯২৮ জন। নির্বাচনে ভোট প্রদান করে ১ লাখ ২৪ হাজার ৩৪৩ জন। এর মধ্যে বিভিন্ন ত্রুটির কারণে ৪৪৮ টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
