বিরোধী দলের হরতাল চলাকালে পুলিশের সাথে সংঘর্ষে আহত ৭০
আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ এবং হরতাল সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৭০ আহত হয়েছে।
পুলিশ বিরোধী দলের সমর্থকদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে। হরতাল সমর্থকরাও পুলিশের উদ্দেশ্যে লাঠি এবং পাথর ছুঁড়ে এর জবাব দেয়। এক পর্যায়ে বিরোধী দলের নেতা-কর্মীরা বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়।
কানসাট হত্যাকা-, চট্টগ্রামে সাংবাদিক নির্যাতন ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়।
এছাড়া কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং পাঁচ বাম দল পৃথকভাবে এই হরতাল পালন করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিরোধী দলের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ তাদের উপর চড়াও হয়।
তোফায়েল আহমেদ এবং সাহেরা খাতুনের নেতৃত্বে মহাখালী এবং গুলশান-১ এ সকাল সাড়ে ৮টার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার গ্যাস, শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এতে একজন মহিলাসহ অন্ততঃ ৩০ জন আহত হয়।
হরতাল চলাকালে রাজধানীর পল্টন, জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু এভিনিউ এবং ধানমন্ডি এলাকায় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট এবং টিয়ার গ্যাস ছুঁড়লে মহিলাসহ ২০ জনেরও বেশি লোক আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টায় পল্টন, ১০টায় জিরো পয়েন্ট, ধানমন্ডি এবং সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউ-এ পুলিশি এ্যাকশন শুরু হয়। এসময় পুলিশ নেতা-কর্মীদের গ্রেপ্তার করার চেষ্টা করলে দলীয় নেতৃবৃন্দ তাদেরকে ছাড়িয়ে নিতে সমর্থ হয়।
নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা এবং সাভার এলাকায় হরতাল চলাকালে পুলিশ এবং হরতাল সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জনেরও বেশি লোক আহত হয়।
হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন রাস্তায় স্বল্প সংখ্যক বাস চলাচল করছে। আন্তঃজেলা বাস সার্ভিস বন্ধ রয়েছে। স্কুল-কলেজ এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
