জোট সরকার কৃষিসহ অর্থনীতি ধ্বংস করে জাতিকে দুর্বিসহ অবস্থায় নিয়ে গেছে: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোট সরকার সীমাহীন দুর্নীতি ও জনগণের অর্থ সম্পদ লুটপাট করে টাকার পাহাড় গড়ছে। অন্যদিকে কৃষিসহ দেশের সার্বিক অর্থনীতি ধ্বংস ও দেশকে পরনির্ভরশীল করে জাতিকে এক দুর্বিসহ অবস্থায় নিয়ে গেছে।
বাংলাদেশ কৃষক লীগের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সংগঠনের নেতা কর্মীরা সুধাসদনে সাক্ষাত করতে এলে বিরোধী দলীয় নেতা এ কথা বলেন।
দেশের সার্বিক অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, জোট সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। গত সাড়ে চার বছরে এক মেগাওয়াট বিদ্যুত উৎপাদন বাড়াতে পারেনি। খাদ্য উদ্বৃত্তের দেশকে ঘাটতির দেশে পরিনত করেছে। দলীয়করণ ও দুর্নীতি করতে গিয়ে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ও সমাজকে ধ্বংস করেছে। নতুন কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে পারেনি এ সরকার। অথচ প্রধানমন্ত্রী বলছেন, দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে।
শেখ হাসিনা কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলন জনগণের ওপর গুলি বর্ষণ ও অত্যাচার নির্যাতন এবং চট্টগ্রামে সাংবাদিকদের ওপর অমানবিক নির্যাতনের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদ্যুত দিতে পারেন না। অথচ বিদ্যুত চাইতে গেলে কৃষকদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়। এর আগে তারা ১৮ জন কৃষককে হত্যা করেছে। এবার কানসাটসহ বিভিন্ন স্থানে ২৫ জন কৃষককে নৃশংসভাবে হত্যা করেছে। এর বিরুদ্ধে জনমত গড়ে তুলে সংগ্রাম এগিয়ে নিতে কৃষকলীগকে কাজ করতে হবে। প্রতিটি কৃষকের ঘরে ঘরে গিয়ে কৃষকসমাজকে ঐক্যবদ্ধ করতে হবে।
জোট দুঃশাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হরতালসহ চলমান আন্দোলন কর্মসূচি সফল করার জন্যে কৃষকলীগসহ দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় কৃষকলীগ সভাপতি মির্জা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, ড. আব্দুর রাজ্জাক এমপি, আলহাজ্ব রাশেদ মোশাররফসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে নেতৃবৃন্দ ধানম-িতে বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে সেখানে রক্ষিত জাতির জনকের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন।
