জলিল অসুস্থ: ১৪ দলের ড্রাফট কমিটির সভা সোমবার হয়নি
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিলের অসুস্থতার কারণে ১৪ দলের ড্রাফট কমিটি সোমবার বৈঠকে বসেনি। মঙ্গলবার সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি’র গুলশানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।।
তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি আগামী বৃহস্পতিবারের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে আলোচনার জন্যে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার চিঠির জবাব দিতে পারেন বলে একটি সূত্র বিডিনিউজকে জানিয়েছে।
সূত্র জানায়, ফিরতি চিঠিতে জামাত ও সংলাপের জন্যে প্রস্তাবিত কমিটির সদস্য প্রশ্নে বিরোধী দলের সুষ্পষ্ট বক্তব্য থাকবে। আব্দুল জলিল মান্নান ভুঁইয়ার কাছে যে চিঠি পাঠাবেন, তাতে জামাত থাকলে ১৪ দল সরকারের সঙ্গে কোনো ধরণের আলোচনায় বসবে না -- এ ব্যাপারে জানিয়ে দেওয়া হবে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু সোমবার বিডিনিউজকে বলেন, ড্রাফট কমিটি মঙ্গলবার সকালে বৈঠকে বসে চিঠির খসড়া প্রস্তুত করবে। ওইদিনই ১৪ দলের লিয়াজোঁ কমিটির সভা হতে পারে। পরে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বসে চিঠি চূড়ান্ত করা হবে।
