তত্ত্বাবধায়ক সরকার সংস্কার প্রশ্নে জাতীয় ঐকম্যত জরুরি : অধ্যাপক মোফাজ্জর
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নেতৃবৃন্দ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্যে তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচনী পদ্ধতির সংস্কার প্রস্তাবে জাতীয় ঐকমত্যের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
চট্টগ্রামের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে শুক্রবার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সুজনের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নিয়ন্ত্রণে থাকবে নাকি রাষ্ট্রপতির নিয়ন্ত্রণে থাকবে সে বিষয়েও ঐকমত্যে পৌঁছানো প্রয়োজন।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে অবশ্যই স্বাধীন প্রতিষ্ঠান হতে হবে। এর আলাদা সচিবালয় থাকতে হবে। কেননা, নির্বাচনের সময় নির্বাচন কমিশন যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন থাকে তাহলে এটি স্বাধীনভাবে কাজ করতে পারবে না।
তিনি বলেন, সুজন কোন বেসরকারি (এনজিও) বা রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। স্থানীয় সরকার থেকে পার্লামেন্ট পর্যন্ত সকল ক্ষেত্রে সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই এর লক্ষ্য।
তিনি বলেন, রাজনৈতিক ব্যবস্থার আওতায় জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের বাধ্যতামূলক নিবন্ধন, নিখুঁত ভোটার তালিকা এবং প্রার্থিতা পেতে আগ্রহী ব্যক্তিদের সম্পর্কে জনগণের তথ্য জানার অধিকার ব্যবস্থা অবশ্যই থাকতে হবে।
ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক সিকান্দর খান ও অ্যাডভোকেট আখতার কবীর চৌধুরী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
তারা বলেন, সুজন ২২ এপ্রিল সারা দেশে মানবন্ধন কর্মসূচি পালন করবে এবং বাংলাদেশে রাজনৈতিক ও নির্বাচনী ব্যবস্থায় সংস্কারে সরকারকে চাপ দিতে সকল রাজনৈতিক দল নিয়ে জাতীয় সম্মেলনের আয়োজন করবে।
