২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীফ হুইপ পুত্রের বিরুদ্ধে বাড়ি বেদখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা

পুরনো ঢাকার যোগীনগর এলাকায় সম্পত্তি গ্রাস করতে অস্ত্রের মুখে দলিলে স্বাক্ষর নেয়া ও চাঁদা দাবি করার অভিযোগে চীফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র খন্দকার আবদুল হামিদ পবনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

ঢাকার সিএমএম আদালতে হাজির হয়ে বুধবার যোগীনগরের আমিরুল ইসলাম বালু চীফ হুইপের পুত্র পবন এবং তার সহযোগী মাসুদ, ফেন্সি সোহেল, হারুনুর রশিদ, আওয়ালুর হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট সৈয়দ মুজিবুল হক ঘটনাটি তদন্ত করে এজহার হিসেবে গ্রহণের জন্যে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন।

মামলার বিবরণে বলা হয়, পৈত্রিক সম্পত্তি নিয়ে বাদির সাথে তার সৎভাইদের বিরোধ চলছিল। বিরোধের মীমাংসার জন্য বাদি বেশ কবার চীফ হুইপের দ্বারস্থ হন।

গত বছরের ১৫ জুলাই চীফ হুইপের আরমানিটোলার বাসায় গেলে পবন তার সহযোগীদের নিয়ে অস্ত্রের মুখে জোর করে বাদিকে দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করায়।

পরবর্তীতে পবন ও তার সহযোগীরা যোগীনগরের ১২/১ নম্বর বাসার ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া আদায় করতে থাকে।

চলতি বছরের ফেব্র“য়ারি মাসে ওই বাড়ির নিচতলায় বাদি ভাড়াটে বসালে পবন ২৬ মার্চ তাকে ধরে নিয়ে এনসিসি রোডের ১০৩ নম্বর বাড়িতে আটকে বেদম প্রহার করে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে।