সংস্কার প্রস্তাব না মেনে অসত্য ভাষণ দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী : আ.লীগ
আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, সংস্কার প্রস্তাব না মেনে প্রধানমন্ত্রী একদিকে আলোচনার কথা বলছেন। অন্যদিকে প্রকাশ্য জনসভায় বিরোধী দলের প্রস্তাব একের পর এক নাকচ করছেন। অসত্য ভাষণ দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন তিনি।
শুক্রবার ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮৭ তম জন্মদিনে ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দএ কথা বলেন।
তত্ত্বাধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার বাস্তবায়ন ছাড়া দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না বলে তারা ঘোষণা দেন।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এমপি’র সভাপতিত্বে এ সভায় আলোচনায় অংশ নেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজ উদ্দিন, সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, মুকুল বোস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।
জিল্লুর রহমান বলেন, বিএনপি জামাত জোট সরকার পরিকল্পিতভাবে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করছে। তারা দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। বাংলাদেশকে নব্য পাকিস্তান বানানোর চেষ্টা করছে জোট সরকার।
তিনি বলেন, ক্ষমতাসীন জোটের হত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমাবাজি এবং সীমাহীন দুর্নীতি ও শোষণ নির্যাতনে দেশের মানুুষকে অতীষ্ঠ। এই দুঃসহ অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম এগিয়ে নিতে হবে।
বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাস এবং বঙ্গবন্ধুর ভূমিকা ও ত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন জিল্লুর রহমান।
জোহরা তাজউদ্দিন বলেন, বিএনপি জামাত জোট সরকার দেশে খুনের রাজত্ব কায়েম করেছে। সীমাহীন অত্যাচার নির্যাতন চালাচ্ছে।
তিনি বলেন, জোটের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে যে প্রতিরোধ আন্দোলন গড়ে উঠেছে, তাতে সাধারণ জনগণকে আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে। দেশে যে কী দুঃশাসন চলছে, তা মানুষকে বোঝাতে হবে। একই সঙ্গে বঙ্গবন্ধুকে জানার জন্য নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।
সাজেদা চৌধুরী বলেন, বিএনপি জামাত জোট সরকার জঙ্গি তৎপরতা চালিয়ে রক্তের বিনিময়ে গড়া বাংলাদেশকে আবারও পাকিস্তান বানাতে চায়। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সব ধরণের ষড়যন্ত্র চালাচ্ছে তারা। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। নতুন প্রজন্মের কাছে যেতে হবে।
তোফায়েল আহমেদ বলেন, বিরোধী দল যখন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে আন্দোলন করছে, প্রধানমন্ত্রী তখন একটার পর একটা দাবি নাকচ করে দিচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকার আমলে সেনাবাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখার ঘোষণা দিচ্ছেন তিনি। আবার সংস্কার নিয়ে আলোচনার কথা বলছেন।
তিনি বলেন, সরকারের এই টালবাহানা জনগণ মানবে না। সংস্কার আদায় না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।
আলোচনা শেষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিশুসহ দলের শিল্পীরা নাচ কবিতা আবৃত্তি, গান ইত্যাদি পরিবেশন করে।
