২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘২১ আগস্ট গ্রেনেড হামলার লক্ষ্য ছিলো বাংলাদেশ’

২১ আগস্ট গ্রেনেড হামলার লক্ষ্য শেখ হাসিনা ছিলেন না, এর লক্ষ্য ছিলো বাংলাদেশ। এতে ৭১ এর পরাজিত ও স্বাধীনতা বিরোধী দেশি -- বিদেশী শক্তির হাত রয়েছে। তারা এখনো বাংলাদেশকে মেরে নিতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বুধবার মোহাম্মদ শাহজাহানের ‘২১ আগস্ট: গ্রেনেডবিদ্ধ বাংলাদেশ’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকরা একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি কেএম সোবহান।

আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক কথাশিল্পী রাহাত খান, অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া ও গ্রন্থের সম্পাদক মোহাম্মদ শাহজাহান।

এর আগে জিল্লুর রহমান সিদ্দিকী ২১ আগস্ট গ্রেনেড হামলার বিভিন্ন তথ্য সম্বলিত ওই গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

জিল্লুর রহমান সিদ্দিকী জঙ্গি তৎপরতা ও গ্রেনেড হামলার সাথে সরকারের একটি পক্ষের জড়িত থাকার অভিযোগ এনে বলেন, দেশে নাশকতার অনেক ঘটনা ঘটছে; কিন্তু সরকার জঙ্গি ও সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থ। সরকার স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়ে যাদের মাঠে নামিয়েছিলো, তারা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এদের কাছে সরকার এখন অসহায়।

রাহাত খান বলেন, ’৭১ এ যারা বাংলাদেশ চায়নি, তারাই এখন সরকার প্রধানের পাশে বসে রয়েছে। তারা গ্রেনেড হামলার মাধ্যমে দেশকে অকার্যকর করতে চায়।