২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে যুবদলের সমাবেশে সারা দেশের বোমা হামলার জন্যে আওয়ামী লীগকে দায়ী করলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোববার সরকার এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে সারা দেশে বোমা হামলার জন্যে প্রধান বিরোধী দলকে অভিযুক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

খালেদা জিয়া বলেন, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ব্যর্থ হয়ে বিরোধী দল ষড়যন্ত্র শুরু করেছে এবং তাদের সর্বশেষ ষড়যন্ত্র হচ্ছে দেশব্যাপী বোমা হামলা।’

রোববার বিকেলে নগরীর ঐতিহাসিক পল্টন ময়দানে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের মহাসমাবেশে ভাষণ দানকালে তিনি একথা বলেন।

তবে সংসদে যোগ দেওয়ার জন্যে তিনি বিরোধী দলকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা সংসদে আলোচনা করে যাচ্ছি এবং এ আলোচনা অব্যাহত থাকবে। আসুন, আগামী সাধারণ নির্বাচনে অংশ নিয়ে জাতীয় দায়িত্ব পালন করুন।

তিনি বলেন, দেশবাসী আওয়ামী লীগকে একবার দেশ চালানোর ভার দিয়েছিল। কিন্তু তারা কেবল জনগণের আশা-আকাঙ্খা পূরণেই ব্যর্থ হয়নি, বরং দেশের অর্থনৈতিক, প্রশাসনিক ও গণতান্ত্রিক উন্নয়নের সকল ধারা বন্ধ করে দিয়েছে। সে কারণে জনগণ বিএনপিকে আবার ক্ষমতায় বসিয়েছে।

খালেদা জিয়া বলেন, বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট যদি আবার ক্ষমতায় আসে উন্নয়নের ধারা আরও বেগমান হবে। অপরদিকে, আওয়ামী লীগের হাতে জনগণ, তাদের জীবন ও সম্পদ নিরাপদ নয় বলে মনে করে। তারা যদি আবার ক্ষমতায় আসে তাহলে অতীতের মতো তারা জনগণের উপর নির্যাতন চালাবে বলে তিনি মন্তব্য করেন।

আগামী সাধারণ নির্বাচনকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন যুবদলের নেতাকর্মী ও সমর্থকদের তৈরি হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে আমাদের আরও একবার ক্ষমতায় আসা দরকার।

তিনি অভিযোগ করে বলেন, আগের নির্বাচনের সময় আওয়ামী লীগ ৬৫ লাখ ভুয়া ভোটার করেছে। ভোটার তালিকায় যাতে কেউ ভুয়া ভোটার হতে না পারে সে ব্যাপারে তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।

‘বিরোধী দলের সন্ত্রাস ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে যুবদল এ মহাসমাবেশ করে। যুবদল সভাপতি ও বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু সমাবেশে সভাপতিত্ব করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, কেএম ওবায়দুর রহমান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী বক্তব্য রাখেন।

মন্নান ভূঁইয়া বলেন, বিরোধী দল প্রকাশ্যে নতুন ভোটার তালিকার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু গোপনে ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।