২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ ময়েজউদ্দিন সেতুর নাম পরিবর্তনে জলিলের ক্ষোভ ও প্রতিবাদ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি আওয়ামী লীগ সরকার আমলে নির্মিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য শহীদ ময়েজ উদ্দিন আহমেদের নামে নামকরণকৃত সেতুর নাম পরিবর্তন করে ঘোড়াশাল সেতু করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

শুক্রবার এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ভোট কারচুপি ও ষড়যন্ত্রের মাধ্যমে জামাতকে সাথে নিয়ে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত ও নামকরণকৃত বিভিন্ন গুরুত্বর্পূর্ণ স্থাপনার নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার অপপ্রয়াস চালাচ্ছে।

আব্দুল জলিল বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ ও দুর্নীতিতে নিমজ্জিত জোট সরকার দেশের উন্নয়নের জন্য নতুন কোন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে পারেনি। অন্যদিকে তারা শুধু আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন এবং জনগণের অর্থ সম্পদ লুটপাট করে সম্পদের পাহাড় গড়ে তুলেছে।

উৎকণ্ঠা প্রকাশ করে তিনি বলেন, জোট সরকার এর আগেও বঙ্গবন্ধু যমুনা সেতু, বঙ্গবন্ধু নভো থিয়েটার, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ভৈরবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু, পাকশিতে শহীদ মনসুর আলী সেতুসহ বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করে চরম হীনমন্যতার পরিচয় দিয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সময় ঘনিয়ে এসেছে, দেশবাসী ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে দুর্নীতিবাজ, লুটেরা ও হীনমন্যতার পঙ্কিলে আবর্তিত জোট সরকারের পতন ঘটিয়ে তাদের এই অপকর্মের সমুচিত জবাব দেবে।