১২ ফেব্রুয়ারি থেকে বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (বিআরটিডব্লিউএফ) চট্টগ্রাম ইউনিট ১৪-দফা দাবি পূরণে কর্তৃপক্ষকে চাপ দিতে বৃহত্তর চট্টগ্রামে ১২ ফেব্রুয়ারি থেকে ৪৮ ঘন্টাব্যাপী পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।
বিআরটিডব্লিউএফ’র চট্টগ্রাম ইউনিটের সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক অলি আহমেদ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, যোগাযোগ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার টানাহেঁচড়ার কারণে যোগাযোগ প্রশাসন প্রায় ভেঙ্গে পড়েছে এবং আমাদের দাবি অপূর্ণ রয়ে গেছে।
ফেডারেশন নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম সার্কিট হাউজে মৎস ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের উদ্যোগে এক চুক্তি স্বাক্ষরের পর ২০০৫ সালের ১৭ ও ১৮ ডিসেম্বরে আহূত দুই দিনের পরিবহন ধর্মঘট বাতিল করা হয়েছিল।
তারা অভিযোগ করে বলেন, আমাদের ১৪-দফা দাবি নিয়ে চলতি বছরের ৮ ও ১৫ জানুয়ারি যোগাযোগ মন্ত্রণালয়ে দুইবার চিঠি পাঠানো হলেও আমরা কোন সাড়া পাইনি।
ফেডারেশন নেতৃবৃন্দের দাবির মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ রুটে বিলাসবহুল বাস সার্ভিসের সূচনা, চাকরিচ্যুত পরিবহন শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, বিআরটিএ’র পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, পৃথক আদালত স্থাপন এবং হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ করার দাবি অন্তর্ভূক্ত রয়েছে।
