২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় জজ কোর্ট, ট্রাইব্যুনাল স্থাপনে হাইকোর্টের রুল জারি

কেন পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় জজ কোর্ট ও ট্রাইব্যুনাল স্থাপনের নির্দেশ দেয়া হবে না তা জানানোর জন্যে হাইকোর্ট বৃহস্পতিবার সরকারের প্রতি একটি কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

জনস্বার্থে দায়ের করা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং অ্যাডভোকেট প্রতিকার চাকমার একটি রিট পিটিশনের শুনানি শেষে হাইকোর্ট এ রুল জারি করেন।

বিচারপতি এমএ মতিন ও বিচারপতি রেজাউল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

রুলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাধানমন্ত্রী কার্যালয়ের সচিবসহ মোট ১০ জন সরকারি কর্মকর্তাকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।

আদালত তার রুলে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন (সংশোধন) অ্যাক্ট ২০০৩ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় নারী ও শিশু নির্যাতন রোধে কেন জজ কোর্ট (ফৌজদারি ও দেওয়ানি) প্রতিষ্ঠা করা হবে না তার কারণ জানানোর জন্যে বিবাদীদের নির্দেশ দেন।

আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন (সংশোধন) অ্যাক্ট ২০০৩ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ধারা অনুযায়ী সরকার পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা ছাড়া বাকি সব জেলায় জজ কোর্ট ও ট্রাইব্যুনাল স্থাপন করেছে।

তিনি বলেন, ওই তিনটি জেলায় পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন (সংশোধন) অ্যাক্ট ২০০৩ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ধারা বাস্তবায়নের নির্দেশ দেওয়ার দাবিতে হাইকোর্টে এ রিট পিটিশনটি দাখিল করা হয়।