২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের প্রার্থিতা চ্যালেঞ্জ

আওয়ামী লীগ নেতা মহিউদ্দীন খান আলমগীর শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ে বিএনপি নেতা এহছানুল হক মিলনের প্রার্থিতা (চাঁদপুর-১) চ্যালেঞ্জ করে আপিল করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

কমিশন সচিব আব্দুর রশীদ সরকার শুক্রবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন একই সঙ্গে আমেরিকা ও বাংলাদেশের দ্বৈত নাগরিক বলে সাবেক বিমান মন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর তাঁর আপিলে উল্লেখ করেছেন। এরই প্রেক্ষিতে ওই আপিলে তাঁর মনোনয়ন বাতিলের অনুরোধ করা হয়েছে।

কমিশন সচিব আরও জানান, মহিউদ্দীন খান আলমগীর গতবার ২০০১ সালের নির্বাচনের সময়ও এহছানুল হক মিলনের বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলেন। এখন শুক্রবার এই আপিলটি বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে বলে তিনি উল্লেখ করেন।

তবে আব্দুর রশীদ সরকার এও বলেন, “একবার যদি কোনো প্রার্থিতা বৈধ বলে ঘোষিত হয়, আইন অনুযায়ী তা বাতিল করার কোনো সুযোগ কমিশনের নেই। কোনো প্রার্থীকে বৈধ বলে ঘোষণা দেওয়ার একমাত্র এখতিয়ার রিটার্নিং কর্মকর্তার।”

তিনি বলেন, “কিন্তু যদি কোনো ব্যাঙ্ক অথবা কোনো ব্যক্তি রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনেন যে, ওই রিটার্নিং কর্মকর্তা অনিয়ম করে কাউকে বৈধ ঘোষণা করেছেন, তাহলে আমরা তা তদন্ত করে দেখবো। তদন্তে রিটার্নিং কর্মকর্তা দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তি হবে।”

সচিব বলেন, “তবে যে কোনো নাগরিক যে কোনো বিষয়ে সব সময়ই আদালতের আশ্রয় নিতে পারেন।”

প্রসঙ্গত, নির্বাচন পরিচালনা বিধিমালা, ১৯৭২ এর ৬ ধারায় বলা হয়েছে, “মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে আপিল থাকিলেও উহা গ্রহণের বিরুদ্ধে কোনো আপিল নাই।”

কমিশন সূত্র জানায়, এর পরেও কোনো বৈধ প্রার্থীর মনোনয়ন চ্যালেঞ্জ করে এ বছর নির্বাচন কমিশনে দায়ের করা আপিল এটিই প্রথম। ২০০১ সালের নির্বাচনের সময়ও এরকম মোট ২২টি আপিল করা হয়েছিল। এর মধ্যে বেশ কয়েকটি ব্যাংক কয়েকজন বৈধ প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে কমিশনে আপিল করে।

তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএ সাঈদ এসব আপিল গ্রহণ করার জন্য কমিশনকে নির্দেশ দেন। সব কয়েকটি আপিল শুনানি শেষে “না মঞ্জুর” বলে নিস্পত্তি হয়।

সে সময় সিইসি সাঈদ নিজেই দু’দিন ধরে মহিউদ্দীন খান আলমগীরের আপিলের শুনানি গ্রহণ করেন। পরে এই আপিলটিও “না মঞ্জুর” বলে ঘোষণা করা হয়। এহছানুল হক মিলন অনেক আগেই তাঁর আমেরিকার নাগরিকত্ব বাতিল করেছেন বলে সে সময় কমিশনকে জানিয়েছিলেন।

এর পর চাঁদপুর-১ আসনে মহিউদ্দীন খান আলমগীরকে হারিয়ে মিলন বিজয়ী হন।

উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ৪ হাজার ১৪৬টি মনোনয়ন পত্র জমা পড়ে। এর মধ্যে বাতিল হয় ২৬৪টি।

নির্বাচন কমিশন বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ করছে। গত দুদিনে ৭২টি আপিল জমা পড়েছে।

৩১ ডিসেম্বর, ঈদের দিন ১ জানুয়ারি ও পরদিন ২ জানুয়ারি হবে আপিলের শুনানি হবে। ৩ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। কমিশনের কর্মকর্তারা জানান, ঈদের দিন বিকেলে আপিল আবেদন গ্রহণ করা হবে।