২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মহানগরে বিএনপির পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন

উৎসবমুখর পরিবেশে বিএনপির ঢাকা আসনের প্রার্থীরা ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রোববার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 05:12 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রোববার দুপুর ২ টা পর্যন্ত ঢাকা বিভাগের ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এদের মধ্যে বিএনপির আছেন পাঁচজন।

বিএনপির পক্ষে ঢাকা-৬ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৯ আসনে এ্যাডভোকেট মাহবুবউদ্দিন আহমাদ, ঢাকা-৫ আসনে মেজর (অব.) কামরুল ইসলাম, ঢাকা-৮ আসনে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এবং ঢাকা-৪ আসনে সালাহ উদ্দিন আহমেদ রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাঈদ হোসেন চৌধুরী।

কর্মী সমর্থকেরা মোটর সাইকেলে করে বা পায়ে হেঁটে বিশাল মিছিল নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসে। এসময় তাদের হাতে ছিল প্রার্থীদের বড় ছবি, ব্যানার এবং ফেস্টুন। ব্যান্ড পাটিও ছিল।

বিভাগীয় কমিশনর কার্যালকে কেন্দ্র করে সৃষ্টি হয় বিশাল যানজট। কাকরাইলের রাজমনি ঈশাখাঁ হোটেল থেকে শুরু করে শিল্পকলা একাডেমি, মৎস্য ভবন এবং প্রেসক্লাব পর্যন্ত যানজট ছিল অসহনীয়।

আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে এ কথা বলা হলে মনোনয়ন পত্র জমা দিতে আসা মির্জা আব্বাস বলেন,“শুনে খুব ভাল লাগছে। সবাই নির্বাচনে যাচ্ছে এটাতো ভাল কথা। ফাঁকা মাঠে খেলা কখনও সম্ভব হয় না। এটাই ভাল। যারা আগে বলেছে নির্বাচনে যাবে না, কিন্তু এখন যাচ্ছে তাদের আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই।”

সমর্থকদের একটি মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাওয়া খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ বলেন, “এলাকায় শিক্ষার অগ্রগতি এবং সন্ত্রাস দমনে আমি কাজ করেছি। তাই আশা করছি আগামি নির্বাচনে আমি জয়ী হব।” তিনি আশা করেন এ নির্বাচনে সব দলই অংশ নেবে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন নির্বাচন করছেন জিজ্ঞাসা করা হলে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরীর বড় ভাই সাঈদ হোসেন চৌধুরী বলেন,“কোনো রাজনৈতিক দলের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই। কোনো রাজনৈতিক দল জনগণের জন্য কাজও করে না। চাইলে আমি যেকোনো দল থেকে মনোনয়ন পেতে পারতাম। খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনের সঙ্গেই আমার ভাল সম্পর্ক আছে। জনগণের আসল মঙ্গল চাই বলেই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে আমি ঢাকা-১০ আসনকে আদর্শ আসনে পরিণত করব।”

ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, সকাল সাড়ে ১১ টা পর্যন্ত ঢাকা-৪ আসনের তিনজন, ঢাকা-৬ আসনের দুইজন, ঢাকা-৯ আসনের একজন ও ঢাকা-৫ আসনের একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকা-৪ এর অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক কে এম হাসান (যুক্তফ্রন্ট-আ স ম রব), মো. জাফর আলী দেওয়ান এবং এস এম বারেক বাদল (স্বতন্ত্র)।

ঢাকা-৬ আসনের অপর দুজনের একজন লেবার পার্টির আব্দুস সালেক। আরেকজন হচ্ছেন আব্দুর রহিম।