হাইকোর্টের সিদ্ধান্তে কালো টাকার মালিকরা উৎসাহিত হবে: কাজী জাফর
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ বলেছেন, ‘আগামী নির্বাচনে প্রার্থীদের ৮ বিষয়ে হলফনামা দিতে হবে না’ হাইকোর্টের এই সিদ্ধান্তে পেশী শক্তি ও কালো টাকার মালিকরা উৎসাহিত হবে। সৎ ও যোগ্য প্রার্থীদের এ রায় নিরুৎসাহিত করবে।
বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন “প্রধান উপদেষ্টা দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছেন। মহাজোটের দাবি পূরণ করেই এদেশে নির্বাচন হবে।”
তিনি আবারও প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ, নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা, কমিশন থেকে বিতর্কিত ব্যক্তিদের অপসারণের দাবি জানান।
‘১৪ দল নিত্য নতুন দাবি তুলছে’ বলে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া যে অভিযোগ করেছেন তাকে ভিত্তিহীন উল্লেখ করে কাজী জাফর বলেন, “আগে মনে করতাম তিনি একজন অভিজ্ঞ রাজনীতিক। কিন্তু গত কয়েক দিনে তাকে দেখে মনে হচ্ছে তিনি রাজনৈতিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আমাদের দাবি দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির।”
জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্যের প্রতিবাদ করে তিনি বলেন, “তারা জাতীয় পার্টিকে জোটে না পেয়ে হতাশ হয়ে আবল-তাবল বকছে। কিন্তু এসব করে আমাদের অগ্রযাত্রাকে ব্যহত করা যাবে না।”
বৃহস্পতিবারের হরতাল সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাজধানীর ১৫টি স্পটে জাতীয় পার্টির নেতা-কর্মীরা পিকেটিং করবে। আন্দোলন করেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর নীল নকশা ব্যর্থ করে দেওয়া হবে।”
কাজী জাফর আহমদ শেখ হাসিনাসহ ১৪ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জনান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশীদ, গোলাম সারোয়ার মিলন, জিয়াউদ্দিন বাবলু, আতিকুর রহমান, আবু সুফিয়ান প্রমুখ।
