২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নব্বই দিনের মধ্যে নিজামীর নির্বাচন দাবি

নব্বই দিনের মধ্যে নির্বাচন দাবি করে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী বলেছেন, অন্যথায় জাতির জন্য তা হবে আত্মঘাতী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 04:59 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

রাজধানীর একটি হোটেলে রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দেশ ও গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগসহ ১৪ দলের প্রতি নির্বাচনে অংশ নেওয়ারও আহবান জানান।

দেশের চলমান রাজনীতি ও দলের ব্যাপারে পরামর্শ চেয়ে মতিউর রহমান নিজামী বলেন, রাষ্ট্রপতি, তত্ত্বাবধায়ক সরকার ও সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচনের প্রতীক। গত তিনটি নির্বাচনে তারা কারো প্রতি পক্ষপাতিত্ব করেনি। কিন্তু বিশেষ একটি দল বিশেষ উদ্দেশ্যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এর উদ্দেশ্যই হলো দেশকে একটি ‘অকার্যকর ও ব্যর্থ’ রাষ্ট্রে পরিণত করা।

তিনি আরো বলেন, হাইকোর্টে ভোটার তালিকা নিয়ে মামলা করা হয় একটি দুরভিসন্ধি নিয়ে। মামলা করা না হলে আজ ভোটার তালিকা নিয়ে এই পরিস্থিতি তৈরি হতো না।

৪৩ দিন নষ্ট হওয়া নিয়ে জামায়াতের আমীর প্রশ্ন রাখেন,“কে নষ্ট করেছে এই সময়? আমরা করেছি? রাষ্ট্রপতি করেছে?

এরপর উত্তর দেন তিনি নিজেই, আওয়ামী লীগ করেছে। তাদের নৈরাজ্য ও হঠকারিতার জন্যই রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের অতিরিক্ত দায়িত্ব নিতে হয়েছে।”

পদত্যাগী চার উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, “তাদের কর্মকান্ড ১৪ দলকে সহিংসতায় লিপ্ত হতে উৎসাহিত করেছে।”

তিনি আরো বলেন, “গত তত্ত্বাবধায়ক সরকারগুলোর কোনো উপদেষ্টা তাদের মতো ঘন ঘন মিডিয়ার কাছে যান নি। তারা পাগলকে সাঁকো ঝাকানোর কথা মনে করিয়ে দিয়েছে।”

নিজ দল প্রসঙ্গে নিজামী বলেন, “আমরা আদর্শ নিয়ে রাজনীতি করি। তাই আমাদেরকে নতুন করে মূল্যায়ন করতে হবে।”

তিনি আরো বলেন,“আমরা অশ্লীল ভাষায় প্রতিপক্ষের সমালোচনা করি না। অথচ সাবেক এক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মত সম্মানিত ব্যক্তির নাম বিকৃত করে বলেন ‘ইয়েস উদ্দিন’। পেশীশক্তির পরিবর্তে আমরা মেধাভিত্তিক রাজনৈতিক ধারা সৃষ্টি করেছি।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, নায়েবে আমীর মকবুল হোসেন, এটিএম আজাহারুল ইসলাম, মোহাম্মদ কামারুজ্জামান প্রমুখ।