২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউর মূল নির্বাচন পর্যবেক্ষক দল রোববার আসছে

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান দলটি রোববার সকালে ঢাকায় আসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 07:22 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

ঢাকায় ইউরোপীয় কমিশন(ইসি)-এর এক মুখপাত্র শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মূল দলটি ১০ সদস্যের হলেও দলনেতা ইউরোপীয় পার্লামেন্টের জার্মান সদস্য গ্রাসভন ল্যামসডরস কাল আসছেন না। ল্যামডরস ঢাকায় আসবেন মঙ্গলবার।

ইসির মুখপাত্র জানান, দেশের আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)-এর পক্ষ থেকে পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন প্রায় দ ু’শ কর্মকর্তা। পুরো দলেরই নেতৃত্বে থাকা গ্রাসভন ল্যামডরস অবশ্য এ মাসের ২২ তারিখ বাংলাদেশ ছেড়ে যাবেন। তিনি জানুয়ারির প্রথম সপ্তাহে আবার বাংলাদেশে আসবেন।

ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মকর্তাদের তিনটি পর্যায়ে বাংলাদেশে পাঠানো হবে। রোববার আসা মূল দলটি দীর্ঘমেয়াদে অর্থাৎ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত কাজ করবে। এরপর আগামী ২৬ ডিসেম্বর আসা ৪০ সদস্যের দলটিও হবে দীর্ঘমেয়াদী। আর নির্বাচনের এক সপ্তাহ কাজে যোগ দেবে ১৩০ সদস্যের স্বল্পমেয়াদী নির্বাচন পর্যবেক্ষক দলটি। এদের মধ্যে ১০০ জন বাংলাদেশের বাইরে থেকে আসবেন। আর বাকী ৩০ জন যোগ দেবেন ঢাকায় কর্মরত বিভিন্ন ইউরোপীয় দেশের মিশন থেকে।

ইসির কর্মকর্তা জানান, নির্বাচনের তিনদিন পর ইইউর নির্বাচন পর্যবেক্ষক মিশন তাদের প্রাথমিক প্রতিবেদন দেবে। আর চূড়ান্ত প্রতিবেদর্ন দেবে নির্বাচনের তিনমাস পর।