মিলন মেলায় মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো অন্ধকারে, যুদ্ধাপরাধীদের বিচার হয়নি, প্রাতিষ্ঠানিকতা পায়নি গণতন্ত্রও-রীতিমতো ক্ষোভ ঝরে পড়লো শনিবার মুক্তিযোদ্ধাদের মিলন মেলায়।
মহান বিজয় দিবসের এই দিনে নগর ভবন চত্বরে দুই নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় ঢাকা সিটি কর্পোরেশন।
ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকার সভাাপতিত্বে অনুষ্ঠানে দুই নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর উপপ্রধান অধিনায়ক এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দেকার, সেক্টর কমান্ডার লে. জেনারেল (অব.) মীর শওকত আলী, লে. কর্ণেল (অব.) কাজী নূরুজ্জামান, উইং কমান্ডার এম হামিদুল্লাহ, সাব সেক্টর কমান্ডার এম এ মতিনসহ ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধারা ।
এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছিল নগর ভবন চত্বর।
মুক্তিযোদ্ধাদের স্বাগত জানানো হয় রজনীগন্ধা দিয়ে। অনুষ্ঠানে সেই উত্তাল দিনগুলোর গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা ।
স্মৃতিচারণ পর্বে ’৭১-এর ক্র্যাক প্লাটুনের অন্যতম সদস্য মেয়র সাদেক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধাদের স্বাগত জানিয়ে বলেন, “আপনারা দেশের গর্বিত সন্তান। নয় মাসে হানাদারমুক্ত করে দেশকে স্বাধীন করার মতো একটি সাহসী ইতিহাস আপনারাই গড়ে তুলেছেন।”
শহীদ মুক্তিযোদ্ধাদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “আজো দেশে স্বাধীনতা ও গণতন্ত্রের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। আমরা তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।”
একে খন্দোকার বলেন, “যার জন্য ৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম, তা এখনো আঁধারেই রয়ে গেছে। শুধু তাই নয়, এর ধারে-কাছেই আমরা যেতে পারিনি।”
তিনি মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মীর শওকত আলী বলেন, “আমি জাতীয়তাবাদী দলের রাজনীতি করি। তাই বলে রাজকারদের সঙ্গে কাজ করি না। আমি, আমার পরিবার, আমার নাতি সবাই যুদ্ধাপরাধীদের বিচার চাই।”
ঢাকা সিটি করপোরেশন গত কয়েক বছর ধরে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিচ্ছে।
