১৮ ডিসেম্বর রাজধানীতে ১৪ দলের মহাসমাবেশ
‘নিরপেক্ষ নির্বাচন আদায়ের লক্ষ্যে’ আগামী ১৮ ডিসেম্বর রাজধানীতে মহাসমাবেশ করবে ১৪ দল।
বুধবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, সভাপতিমণ্ডলী এবং ১৪ দলের বৈঠক হয়।
পরে সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল পুনঃনির্ধারিত নির্বাচনী তফসিল আবারও পরিবর্তনের দাবি জানিয়ে বলেছেন, “তালিকা হালনাগাদ ও সংশোধন যথাযথভাবে হচ্ছে না। তালিকা সঠিকভাবে সংশোধন করে আবারও তফসিল ঘোষণা করতে হবে।”
আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে রাত ১০টায় সাংবাদিকদের জলিল আরও বলেন, “উপদেষ্টাদের গুচ্ছ প্রস্তাবে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। তত্ত্বাবধায়ক সরকারের ৪৬ দিন পেরিয়ে গেছে। এই ৪৬ দিন ফিরিয়ে দিতে হবে।”
আওয়ামী লীগ নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অভিযোগের প্রেক্ষিতে জলিল বলেন, “আমরা নির্বাচন চাই। খালেদা জিয়া নির্বাচন চান না। তিনি চান নির্বাচন চুরি করতে। আর এই চুরির চক্রান্তের হাতিয়ার হিসেবে তিনি ব্যবহার করছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে।”
সাংবাদিকদের ব্রিফিংকালে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিৎ সেনগুপ্ত, শেখ সেলিম, নুরুল ইসলাম নাহিদ এবং রাশেদ খান মেনন।
